সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, “মুফতি আবু তাহের মিসবাহ আপনাদের এই সিলেটের কৃতি সন্তান। শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর পূণ্যভূমিতে তার মতো একজন যোগ্য উত্তরসূরী নগর উন্নয়নের জন্য সবচেয়ে অগ্রাধিকার।”
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা এবং জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরী প্রমুখ।
প্রার্থীর ব্যক্তিগত জীবন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা গেছে যে, মুফতি আবু তাহের মিসবাহ সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের হাজি আব্দুল মালিকের পুত্র। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য তিনি সিলেট মদনমোহন কলেজ থেকে বিএসএস অর্নাস এবং সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেছেন।
রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল পর্যায় থেকে সক্রিয় হয়ে ওঠেন। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি ক্রমান্বয়ে সিলেট মহানগর সভাপতি, সিলেট জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি জেলা শাখার সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন।