যুক্তরাষ্ট্রে ১৪ দিনের এক বিশেষ দাওয়াতি সফরে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে যাত্রা করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ১৪ দিনের সফরকালে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থান করবেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ এবং মুসলিম কমিউনিটির দাওয়াতি সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। এছাড়া সফর চলাকালীন তিনি প্রবাসী ব্যবসায়ী এবং বৈশ্বিক বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন।
আটকে পড়া প্রবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি
অন্যদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার ফলে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ‘সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব মানুষের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। সরকারকে এই শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।’
বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আরও উল্লেখ করেন যে, ফ্লাইট বাতিলের কারণে এই প্রবাসী শ্রমিকেরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে টিকিটের টাকা ফেরত (রিফান্ড) দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।