জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।

এনসিপি নেতা আরও দাবি করেন, গত সাত মাস ধরে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।”

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

তবে সংবর্ধনা অনুষ্ঠান শেষে দ্য মেফেয়ার ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য তাঁকে (জিয়াউর রহমান) তাঁরা শ্রদ্ধা করেন। কিন্তু তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তাঁর নিজের জীবনদানের মধ্য দিয়ে সেই প্রায়শ্চিত্ত তাঁকে করতে হয়েছে। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, “আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? জুলাইয়ের ঐক্য রয়েছে। সেই ঐক্য কোনো দলের সঙ্গে নয়, সেই ঐক্য বাংলাদেশের জনগণের সঙ্গে।”

তিনি সরকারের প্রতি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হলে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাস থেকে বিভিন্নভাবে অংশগ্রহণ ও সমর্থনের জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন এনসিপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ-বিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের সালেহ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদসহ এনসিপির যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে যান।