যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
এই অপ্রীতিকর ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের জন্য একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হয়েছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ করে যখন এনসিপির নেতাকর্মীরা প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন, তখন তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের একটি আলোচনা সভা চলাকালীন তাঁকে হেনস্তা করার চেষ্টার ঘটনা ঘটেছিল।
রমফোর্ডে হামলার পর নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এনসিপির আহ্বায়ক আরও উল্লেখ করেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’
বিদেশের মাটিতে এ ধরনের সহিংসতাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হিসেবে অভিহিত করে নাহিদ ইসলাম লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।’
সবশেষে যুক্তরাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।’