যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

উল্লেখ্য, সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, "বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই হামলা চালিয়েছে।" এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের শনাক্ত করা ও দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনার জোর আহ্বান জানাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, "বাংলাদেশ সরকার এ বিষয় পুনর্ব্যক্ত করছে যে দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।"