কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা উত্তর শাখার ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মুফতি রেজাউল করিম বলেন, “আপনারা এই দেশের সন্তান। অথচ আপনারা ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, দেশের সম্পদ নষ্ট করা, থানা পুড়িয়ে দেওয়াসহ যেসব কর্মকাণ্ড করেছেন, সেগুলো কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। কিন্তু আপনাদের আচরণে মানুষের কল্যাণের রাজনীতি দেখা যাচ্ছে না। বরং এটি সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত বলে মনে হচ্ছে।”
দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে, তারা সবাই এই দেশেরই সন্তান। দেশের প্রতি মায়া রাখা ঈমানের একটি অংশ এবং দেশের ভালো-মন্দের সঙ্গে সবাই জড়িত। তিনি আশা প্রকাশ করেন যে, দেশটি একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। তবে তিনি সতর্ক করে বলেন, দেশের স্বার্থে ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার মোহ ও লোভ পরিহার করতে হবে।
দেশ পরিচালনার আদর্শ নিয়ে মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশে প্রায় ৯২ শতাংশ মুসলমান বসবাস করেন। ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনার চিন্তা করা হলে ইতিহাস সাক্ষ্য দেয় যে, দেশে আবারও স্বর্ণযুগের মতো পরিবেশ তৈরি হবে। তার মতে, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ ও নীতি নিয়ে দেশ পরিচালনা করেছে, তা বাংলাদেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন একমাত্র ইসলামই সঠিক নীতি ও আদর্শ হিসেবে গণ্য।
চরমোনাই পীর আরও উল্লেখ করেন যে, ইসলামবিদ্বেষী চক্রগুলো ইসলাম সম্পর্কে যে ভয় দেখিয়েছে, বাস্তবে তা সঠিক নয়। তিনি বলেন, “ইতিহাস পড়ে দেখুন, ইসলাম এমন একটি আদর্শ, যেখানে একটি পিঁপড়ারও স্বাধীনতা ও নিরাপত্তা রয়েছে। কেউ এ নীতি ও আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে।”
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বর্তমান বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে যাচ্ছে। ১৯৭১ সালের প্রেক্ষাপটে দেখা যায়, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন; সন্তান মা-হারা হয়েছে এবং মা সন্তান-হারা হয়েছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার পর যাদের ক্ষমতায় বসানো হয়েছিল, তাদের কাছে যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তা পূরণ তো হয়নিই, বরং তারা অন্যদের তাবেদার হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন।
পরবর্তী সময়ের অভ্যুত্থান ও ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে মুফতি রেজাউল করিম বলেন, বৈষম্য দূর করার লক্ষ্যে হাজার হাজার যুবক, শিক্ষার্থী ও মেহনতি মানুষ অকাতরে জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন ছিল দেশ একটি স্বর্ণযুগে প্রবেশ করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা এসেছেন, তাদের কর্মকাণ্ড দেখে তিনি বলেন, “পুরোনো বউকে নতুন করে শাড়ি পরানোর মতো পরিস্থিতিই বাংলাদেশে দেখলাম।”
বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে এবং নির্বাচনের আগে তারা জাতির সামনে অনেক সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে গণভোটের কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ছিল। তিনি প্রশ্ন করেন, সেই ওয়াদা দেওয়ার পর প্রায় এক বছর হতে চলেছে, কিন্তু বাস্তবায়ন কেন হচ্ছে না? তিনি বলেন, “আপনারা কী করতে চান? জনগণকে বাদ দিয়ে, তাদের মতামত উপেক্ষা করে সুন্দর দেশ পরিচালনা করবেন? এটা কখনোই সম্ভব নয়।”
অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ২০২৭-২৮ সালের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে।