কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসার আহ্বান সংক্রান্ত বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) দেওয়া বক্তব্যের একটি ব্যাখ্যা প্রদান করেছে দলটি। দলটির অভিযোগ, মুফতি সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম, ফটোকার্ড ও ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে।

গত শুক্রবার (২১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহর পাঠানো একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম, ফটোকার্ড ও ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। আমরা এ ধরনের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনায় উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে আরও জানানো হয় যে, পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, বিশেষ করে জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের ফলে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি অত্যন্ত সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। একই সঙ্গে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।

ইসলামী আন্দোলনের দাবি, তাদের আমিরের বক্তব্যের একটি নির্দিষ্ট অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। দলটি মনে করে, এই ধারণাটি তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।

দলটি আরও স্পষ্ট করে জানায়, চরমোনাই পীরের বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি তার বক্তব্যের শেষাংশেও স্পষ্ট করেছেন, “আমাদের কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে; কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।”

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিন। কোনো বক্তব্যের একটি অংশকে আলাদা করে এমন শিরোনাম বা ফটোকার্ড তৈরি করবেন না, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে কিংবা বক্তার প্রকৃত অবস্থান সম্পর্কে ভুল ধারণা দেয়। ইতোমধ্যে যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড প্রকাশিত হয়েছে, সেগুলো সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ ও প্রেক্ষাপট তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, যাচাই-বাছাই ছাড়া কোনো মন্তব্য, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ নেবেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যের কারণে কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।

সংশ্লিষ্ট গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকবেন—এমনটাই আশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।