ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই বছর খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে, তবে এই বিশেষ কোটায় আবেদনের জন্য প্রার্থীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খেলোয়াড় কোটায় ভর্তির যোগ্যতা ও আবেদনের শর্তাবলি বিস্তারিতভাবে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
“প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে”
পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যে, “বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।”
ব্যক্তিগত ক্রীড়াসমূহের ক্ষেত্রে শর্ত হলো, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা জাতীয় র্যাঙ্কিং অনুযায়ী ১-৫–এর মধ্যে থাকতে হবে।”
আবেদনকারী সকল খেলোয়াড় প্রার্থীর বয়স অবশ্যই “অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে” এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা প্রার্থীকে অবশ্যই অর্জন করতে হবে।
ভর্তির চূড়ান্ত প্রক্রিয়ায় খেলোয়াড় সুবিধায় প্রার্থীকে “মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হতে হবে”। উল্লেখ্য যে, খেলোয়াড় সুবিধায় ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যা মূল আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে গণ্য করা হবে।
আবেদন প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে, “সংশ্লিষ্ট ইউনিটপ্রধানেরা বিজ্ঞপ্তি প্রদান করে খেলোয়াড় সুবিধায় দরখাস্ত আহ্বান করবেন।” যদি কোটায় ভর্তির আসন পূর্ণ না হয়, তবে সেই শূন্য আসনসমূহ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এছাড়া নির্ধারিত আসন সংখ্যার বাইরে পোষ্য সুবিধার জন্য উপযুক্ত প্রার্থীদের অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ইউনিট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী—
আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর,
বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর,
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর,
চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং
ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।