যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন, অভিবাসীদের হরেদরে বহিষ্কার এবং জেফরি এপস্টিইনের নথি প্রকাশে প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারিতে তাঁরা পরিষদের নিয়ন্ত্রণ নেবেন। এর আগেই তাঁরা ট্রাম্পের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের সংশ্লিষ্ট নথি সংরক্ষণ করার কথা জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া গত বুধবার সকালে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ১২ জনকে চিঠি দিয়েছেন। আগামী বছর প্রতিনিধি পরিষদের তদারকি ও সরকারি সংস্কারবিষয়ক কমিটির তিনি চেয়ারম্যান হবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য।

চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সাবেক চিফ অব স্টাফ সুসি উইলিস ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এ ছাড়া ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, সাবেক রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম ও তাঁর সাবেক উপদেষ্টা কোরি লেভানডফস্কিকেও চিঠি দেওয়া হয়েছে।

চিঠিগুলোর জবাব দেওয়ার আইনি কোনো বাধ্যবাধকতা নেই। তবে জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা যেসব তদন্ত শুরু করতে চান, সেগুলোর জন্য নথিপত্র সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। নতুন সংখ্যাগরিষ্ঠ দলের তদন্তের অগ্রাধিকারগুলো এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্টভাবে উঠে এসেছে এসব চিঠিতে।

হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতের আভাস

চিঠিগুলো ইঙ্গিত দিচ্ছে, হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতে যেতে পিছু হটবেন না ডেমোক্র্যাটরা। এসব বিরোধ আদালতেও গড়াতে পারে। আইনি লড়াই ট্রাম্পের মেয়াদের বাকি সময়জুড়ে চলারও সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বড় দুই দলের প্রশাসনই সাধারণত মনে করে এসেছে, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কংগ্রেসে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। মিলার ও উইলিসের মতো চিফ অব স্টাফদের ক্ষেত্রে বিশেষ করে এ অবস্থান নেওয়া হয়েছে।

চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন বলেছে, তদারকির নামে যেসব ডেমোক্র্যাট প্রতিহিংসামূলক বা অতিরিক্ত শাস্তিমূলক তৎপরতা চালাবেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। গার্সিয়ার চিঠিগুলোকে সেই সতর্কবার্তার জবাব হিসেবেও দেখা হচ্ছে।

হোয়াইট হাউস ও বিচার বিভাগ বারবার বলেছে, সীমা ছাড়ানো তথ্যের দাবি ফৌজদারি তদন্তের কারণ হতে পারে। তবে দীর্ঘদিনের আইনি নজির অনুযায়ী, কংগ্রেসের এ ধরনের দাবির সঙ্গে আইন প্রণয়নের বৈধ উদ্দেশ্য থাকতে হয়।

গার্সিয়ার ১২টি চিঠিতেই এই শর্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিটি চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত তদন্তগুলো ‘আইন সংস্কারের জন্য অপরিহার্য’।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন, পরিশ্রমী মার্কিন নাগরিকদের জন্য সাফল্য এনে দিতে তিনি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিসের বক্তব্য, ডেমোক্র্যাটরা যদি ‘সাজানো তদন্ত ও উগ্র বামপন্থী নীতি’ বেছে নেন, তবে তাঁরা মার্কিন জনগণের বিরুদ্ধে কাজ করার পথই বেছে নেবেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য পলিটিকোর পক্ষ থেকে মার্কিন বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; কিন্তু তারা তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

কয়েকটি চিঠিতে ডিসেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে এখনো উত্তর দিতে বাধ্য করার ক্ষমতা ডেমোক্র্যাটদের নেই। সেই ক্ষমতা পাওয়ার পরও কংগ্রেসের তদারকিসংক্রান্ত অনুরোধ ও সমনের সময়সীমা সাধারণত আলোচনার ভিত্তিতে বদলানো যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা কতটা সহযোগিতা করতে রাজি, তার ওপরও বিষয়টি নির্ভর করছে।

ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিষয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন গার্সিয়া। ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের সহপ্রতিষ্ঠাতা হিসেবে তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

গার্সিয়ার অভিযোগ, অর্থের বিনিময়ে প্রভাব বা বিশেষ সুবিধা দেওয়ার পারিবারিক ব্যবস্থায় দুই ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মাধ্যমে গত কয়েক বছরে ট্রাম্প পরিবার শত শত কোটি ডলার আয় করেছে।

অর্থের বিনিময়ে প্রভাব বা বিশেষ সুবিধা দেওয়ার পারিবারিক ব্যবস্থায় দুই ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মাধ্যমে গত কয়েক বছরে ট্রাম্প পরিবার শত শত কোটি ডলার আয় করেছে।

ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের একজন মুখপাত্র আগে বলেছিলেন, প্রতিষ্ঠানটির কেউ মার্কিন সরকারের হয়ে কাজ করেন না। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সব আইন মেনে চলে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানও তদন্তের আওতায় আসছে। ওই অনুষ্ঠানের অর্থ জুগিয়েছিলেন রুশ ধনকুবের উমর ক্রেমলেভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

ক্রেমলেভ বলেছেন, ট্রাম্প জুনিয়র তাঁকে অর্থ ফেরত দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প জুনিয়র ও তাঁর স্ত্রী বেটিনা ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বন্ধুর দেওয়া ‘অসাধারণ উদার একটি বিয়ের উপহারকে’ রাজনৈতিক বা অশুভ কিছু হিসেবে তুলে ধরা হয়েছে।

গার্সিয়া চিঠিতে লিখেছেন, বিদেশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাম্প জুনিয়রের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে অর্থ দিয়েছেন। এতে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া এবং ট্রাম্প পরিবারে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশের আশঙ্কা আরও বেড়েছে।

গার্সিয়ার অভিযোগ, এসব সম্পর্ক বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর উপকার করে থাকতে পারে। তবে মার্কিন জনগণের কোনো উপকার করেনি।

ট্রাম্পের জামাতা ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারের ব্যক্তিগত ব্যবসা এবং সরকারি দায়িত্বও খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা।

গার্সিয়ার আশঙ্কা, ব্যবস্থাপনা ফি, ব্যবসার সুযোগ ও অন্যান্য আর্থিক সুবিধার নামে কোটি কোটি ডলার দেওয়া হচ্ছে। এর আড়ালে নীতি পরিবর্তন, অগ্রাধিকারমূলক সুবিধা, আইনি যাচাই থেকে রেহাই এবং সংবেদনশীল সরকারি তথ্য ও প্রযুক্তিতে প্রবেশাধিকারের বিনিময়ে অর্থ দেওয়া হয়ে থাকতে পারে।

প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন, পরিশ্রমী মার্কিন নাগরিকদের জন্য সাফল্য এনে দিতে তিনি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ব্যক্তিগত লাভের জন্য প্রভাবশালী শ্বশুরের অবস্থানকে কাজে লাগানোর কথা বারবার অস্বীকার করেছেন জ্যারেড কুশনার।

কুশনারের আইনজীবী চ্যাড মিজেল বলেন, অভিযোগগুলো বাস্তবতার সম্পূর্ণ উল্টো। কুশনার সব সময় যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে কাজ করেছেন।

মিজেলের ভাষ্য, যুদ্ধ বন্ধ, মানুষের জীবন রক্ষা ও মার্কিন স্বার্থ এগিয়ে নিতে ট্রাম্পকে সহায়তার জন্য কুশনার স্বেচ্ছায় নিজের সফল ব্যবসা থেকে সরে এসেছেন। এ কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। সরকারি দায়িত্ব ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক লাভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ট্রাম্প বা তাঁর পরিবারের সদস্যদের কোনো স্বার্থের সংঘাত নেই বলে হোয়াইট হাউসও বারবার দাবি করেছে। মন্তব্যের অনুরোধে ট্রাম্পের দুই ছেলে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি।

হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম নির্মাণে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান নিয়েও জানতে চেয়েছেন গার্সিয়া। এ জন্য ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলের প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ডকে চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে চিপ নির্মাতা এনভিডিয়ার অনুদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। গার্সিয়ার বক্তব্য, চীনে উন্নত মাইক্রোচিপ বিক্রির জন্য ট্রাম্প প্রশাসনের অনুমতি পাওয়ার কিছুদিন পরই ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলকে কয়েক মিলিয়ন ডলার অনুদান দিয়েছে এনভিডিয়া।

এনভিডিয়া বলেছে, সম্ভাব্য কোনো ব্যবসায়িক স্বার্থের সঙ্গে অনুদানের সম্পর্ক নেই। এ বিষয়ে টাউনসেন্ডের মন্তব্য চেয়েছিল পলিটিকো; কিন্তু তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

অভিবাসনবিরোধী অভিযানে সহিংসতা ও দুর্নীতির অভিযোগ

স্টিফেন মিলারের নির্দেশনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে ওঠা সহিংসতা, নির্যাতন ও দুর্নীতির অভিযোগও তদন্ত করতে চায় কমিটি। এর মধ্যে রয়েছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (আইস নামে বেশি পরিচিত) গণবহিষ্কার অভিযান।

কমিটি জানিয়েছে, উদ্বেগজনক বলপ্রয়োগ, গ্রেপ্তার, বহিষ্কার, সংবেদনশীল স্থানে অভিযান এবং ভয়ভীতি দেখানো বা প্রতিশোধমূলক তৎপরতার ১ হাজার ১৬৫টি ঘটনা তারা পেয়েছে।

চিঠিগুলো ইঙ্গিত দিচ্ছে, হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতে যেতে পিছপা হবেন না ডেমোক্র্যাটরা। এসব বিরোধ আদালতেও গড়াতে পারে। আইনি লড়াই ট্রাম্পের মেয়াদের বাকি সময়জুড়ে চলারও সম্ভাবনা রয়েছে।

মিলারকে দেওয়া চিঠিতে গার্সিয়া লিখেছেন, ট্রাম্প প্রশাসনের সদস্যরাই তাঁকে প্রশাসনের সবচেয়ে চরম নীতিগুলোর ‘মূল চালিকা শক্তি’ ও ‘রূপকার’ বলেছেন। এসব নীতির মাধ্যমে ব্যাপকভাবে নাগরিক স্বাধীনতা লঙ্ঘনের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন বলে অভিযোগ গার্সিয়ার।

গার্সিয়া বলেন, এসব অনিয়মের পরিকল্পনা, তদারকি ও পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে মিলারের ভূমিকা তাঁরা নথিবদ্ধ করেছেন। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ক্রিস্টি নোয়েমের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তের অঙ্গীকার করেছেন গার্সিয়া। তাঁর অভিযোগ, নোয়েম বিভাগের তহবিলের অপব্যবহার করেছেন। স্থায়ী সরকারি কর্মীদের অবস্থান দুর্বল করেছেন। দুর্নীতি ঠেকানোর প্রতিষ্ঠিত সুরক্ষাব্যবস্থা পাশ কাটিয়েছেন। নিজের ও ট্রাম্প প্রশাসনের সহযোগীদের সম্পদ বৃদ্ধি করতে পদ ব্যবহার করেছেন।

নোয়েমকে দেওয়া চিঠিতে তাঁর অধীন কাজ করা কোরি লেভানডফস্কির কথাও এসেছে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

বেসরকারি অভিবাসী আটককেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান জিইও গ্রুপের কাছ থেকে অবৈধ কমিশন নেওয়ার অভিযোগে লেভানডফস্কিকেও তদন্তের আওতায় আনছে কমিটি। প্রতিষ্ঠানটির কাছে অর্থ দাবি করার অভিযোগ তিনি আগেই অস্বীকার করেছেন।

লেভানডফস্কির একজন মুখপাত্র বলেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের প্রচারের অংশ হিসেবে গার্সিয়া তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা করছেন। যথাযথ সময়ে ও যথাযথ জায়গায় এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

বিভাগ পরিচালনা নিয়ে হোয়াইট হাউসের ভেতরে তীব্র পর্যালোচনা এবং কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার পদত্যাগের দাবির মুখে গত মার্চে নোয়েমকে দায়িত্ব ছাড়তে হয়। মন্তব্যের অনুরোধে নোয়েম তাৎক্ষণিক সাড়া দেননি।

এপস্টিইনের নথি প্রকাশে প্রশাসনের ভূমিকা

দণ্ডিত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টিনকে নিয়ে তদন্তের নথিপত্র প্রশাসন কীভাবে সামলেছে, তা-ও খতিয়ে দেখছেন গার্সিয়া। এপস্টিনের অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নেটওয়ার্কও এর অন্তর্ভুক্ত।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে দেওয়া চিঠিতে এপস্টিনের নথি নিয়ে কর্মকর্তাদের প্রতিটি বৈঠকের বিস্তারিত জানতে চেয়েছেন গার্সিয়া। এসব আলোচনায় ভ্যান্সের ভূমিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করেছেন তিনি।

গত বছর এপস্টিনের নথি প্রকাশ বাধ্যতামূলক করে কংগ্রেস যে আইন পাস করেছিল, তা বাস্তবায়নে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কেও তথ্য চেয়েছেন গার্সিয়া। দুই দলের আইনপ্রণেতারাই নথি প্রকাশের প্রক্রিয়াকে অসম্পূর্ণ বলে সমালোচনা করেছেন।

বিচার বিভাগের কর্মকর্তারা বলেছেন, আইনের শর্ত মেনে নথি প্রকাশে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভুল সংশোধন এবং ভুক্তভোগীদের উদ্বেগ দূর করার উদ্যোগও নিয়েছেন।

তবে ডেমোক্র্যাটরা টড ব্ল্যাঞ্চের শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছেন। নথি প্রকাশের তদারকিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এপস্টিনের অপরাধের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকে কম নিরাপত্তার একটি ফেডারেল কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত সম্পর্কেও তথ্য চেয়েছেন গার্সিয়া। ম্যাক্সওয়েল ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এ জন্য ফেডারেল ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম মার্শাল দ্য থার্ড এবং ফেডারেল প্রিজন ক্যাম্প ব্রায়ানের তত্ত্বাবধায়ক তানিশা হলকে চিঠি দিয়েছেন গার্সিয়া। ম্যাক্সওয়েলকে এ ন্যূনতম নিরাপত্তার কারাগারেই স্থানান্তর করা হয়েছে।

গার্সিয়ার অভিযোগ, বিচার বিভাগ ও ব্যুরো অব প্রিজনস তাঁদের কোনো প্রশ্নেরই অর্থবহ জবাব দেয়নি। মন্তব্যের জন্য মার্শাল ও হলের সঙ্গে যোগাযোগ করেছিল পলিটিকো; কিন্তু তাঁরা তাৎক্ষণিকভাবে উত্তর দেননি।

এপস্টিন–সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি উইলিস এবং ব্ল্যাঞ্চের কাছেও তথ্য চেয়েছেন গার্সিয়া। উইলিসের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পায়নি পলিটিকো।