মুঠোফোন বন্ধ রেখে একাকী কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। দীর্ঘ নিখোঁজ থাকার পর অবশেষে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিশেষ তৎপরতায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বিস্তারিত জানিয়ে বলেন, "নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে গিয়েছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় পুলিশ কিছুটা চিন্তিত ছিল। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।"
ঘটনার সূত্র ধরে জানা যায়, গত ১৭ নভেম্বর বিকেলে অফিস শেষ করে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। তবে ওই দিন আদালত থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফিরে আসেননি।
দুই দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।