বরিশালের মেহেন্দিগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর শান্তা বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের একটি বাগান এলাকা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তরুণী শান্তা বেগম চরএককরিয়া ইউনিয়নের তর ইলিশা গ্রামের বাসিন্দা এবং সবুজ শিকদারের কন্যা।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে ওই বাগানের মালিক মিজান তালুকদার এলাকায় তীব্র দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে তিনি বাগানের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শান্তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি দ্রুত স্থানীয় লোকজন এবং নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শান্তার বাবা সবুজ শিকদার মুক্তকণ্ঠকে জানান, “গত রোববার বাড়ি থেকে নিখোঁজ হয় তার মেয়ে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে বাগানমালিক মিজান তালুকদারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান তিনি।”

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”