বাংলাদেশে প্রতি বছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তবে এই মরণব্যাধি যত দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা সম্ভব হয়, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বৃদ্ধি পায়। শুধু বয়স্ক বা ধূমপায়ী পুরুষ নয়, বর্তমানে কম বয়সী মানুষ, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারের প্রকোপ বাড়ছে।
মুক্তকণ্ঠ ডটকমের উদ্যোগে আয়োজিত ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক এক অনলাইন আলোচনায় ফুসফুস ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. ইশতিয়াক উর রহিম। গত সোমবার মুক্তকণ্ঠ ও এসকেএফ-এর ফেসবুক পেজে এই আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হয়। নাসিহা তাহসিনের উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. ইশতিয়াক উর রহিম।
আলোচনা সভায় বাংলাদেশে ফুসফুস ক্যানসারের বর্তমান চিত্র, রোগের ধরন, ঝুঁকির কারণসমূহ, বায়ুদূষণের প্রভাব, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয় প্রক্রিয়া, মলিকিউলার টেস্টিং, আধুনিক চিকিৎসা পদ্ধতি, রেডিওথেরাপির উপযোগিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ফলোআপের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
ফুসফুস ক্যানসারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বর্ণনা করে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, “বিশ্বে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়। দেশেও প্রতিবছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আগে সাধারণত বয়স্ক ও ধূমপায়ী পুরুষদের মধ্যে এ রোগ বেশি দেখা যেত। তবে বর্তমানে কম বয়সী, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে।”
তিনি আরও জানান, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ফুসফুস ক্যানসার রোগীদের মধ্যে ইজিএফআর (EGFR) জিনের মিউটেশন হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। প্রায় ৩২ থেকে ৩৬ শতাংশ ক্ষেত্রে এই ধরনের মিউটেশন পরিলক্ষিত হয়।
রোগের লক্ষণসমূহ সম্পর্কে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, কাশি বা কফের সঙ্গে রক্ত যাওয়া, ক্ষুধামান্দ্য, হঠাৎ ওজন কমে যাওয়া, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ফুসফুসে বা পেটে পানি জমার মতো লক্ষণও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এসব লক্ষণ অবহেলা করা যাবে না।
রোগ শনাক্তকরণের প্রক্রিয়া ব্যাখ্যা করে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, “প্রাথমিকভাবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসে কোনো অস্বাভাবিকতা বা টিউমার আছে কি না, তা দেখা হয়। সন্দেহজনক কিছু পাওয়া গেলে ব্রঙ্কোস্কপি, এফএনএসি বা কোর বায়োপসির মাধ্যমে রোগ নিশ্চিত করা হয়।”
মলিকিউলার টেস্টিংয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, “বায়োপসির নমুনা থেকে বিভিন্ন ধরনের জিনগত মিউটেশন পরীক্ষা করা হয়। যেমন ইজিএফআর, এএলকে, আরওএস১, বিআরএএফ ও পিডি-এল১–এর মতো বায়োমার্কার পরীক্ষা চিকিৎসাপদ্ধতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ক্যানসারের পর্যায় এবং সুস্থ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে ডা. ইশতিয়াক উর রহিম জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়কে প্রাথমিক পর্যায় হিসেবে গণ্য করা হয়। এই সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা সম্ভব হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রথম পর্যায়ে অস্ত্রোপচার করা গেলে বেঁচে থাকার হার প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টের ওপর ভিত্তি করে কেমোথেরাপির প্রয়োজন হতে পারে।
চিকিৎসা শুরুর সময়ের গুরুত্ব বিষয়ে তিনি বলেন, যত দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ে। রোগ নির্ণয়ে দেরি হলে ক্যানসারের পর্যায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যার ফলে চিকিৎসাপদ্ধতিও পরিবর্তন করতে হয়।
ঝুঁকির কারণ হিসেবে বায়ুদূষণের কথা উল্লেখ করে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, বায়ুদূষণের সঙ্গে ফুসফুসের প্রদাহ ও পরবর্তী সময়ে ক্যানসারের ঝুঁকির সম্পর্ক রয়েছে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় থাকা বিভিন্ন ক্ষতিকর ধাতব পদার্থ ও রাসায়নিক উপাদান ফুসফুসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ধূমপানের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩৫ শতাংশ মানুষ ধূমপান করেন, যার সংখ্যা প্রায় চার কোটি। ধূমপানের মধ্যে থাকা ক্ষতিকর উপাদান সরাসরি ফুসফুস ক্যানসারের ঝুঁকি তৈরি করে।
চিকিৎসার পাশাপাশি হারবাল বা কবিরাজি ওষুধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, অনেক সময় রোগীদের কাছে বিভিন্ন ধরনের গাছের পাতা বা হারবাল ওষুধে ক্যানসার সম্পূর্ণ নিরাময়ের দাবি করা হয়। এসব দাবিতে বিশ্বাস করে বিশেষ করে গ্রামের অনেক রোগী অর্থ সাশ্রয়ের আশায় এ ধরনের ওষুধ গ্রহণ করেন। কিন্তু দেখা গেছে, এসব ওষুধে ক্যানসার নিরাময় হয় না; বরং অনেক রোগী শারীরিকভাবে আরও খারাপ অবস্থায় চিকিৎসকের কাছে আসেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি নেওয়ার পাশাপাশি চিকিৎসকের অজান্তে হারবাল ওষুধ গ্রহণ করলে অপ্রত্যাশিত ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া হারবাল বা কবিরাজি ওষুধ গ্রহণ করা উচিত নয়। চিকিৎসক যে ওষুধ গ্রহণের পরামর্শ দেবেন, সেগুলোই অনুসরণ করতে হবে।
চিকিৎসা পরবর্তী ফলোআপের গুরুত্ব তুলে ধরে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, “সব ধরনের চিকিৎসা শেষ হওয়ার পরও ক্যানসার আবার ফিরে আসতে পারে। বিশেষ করে অগ্রসর পর্যায়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ঝুঁকি বিবেচনায় রেখে নিয়মিত ফলোআপে রাখা প্রয়োজন।”
ফলোআপের সময়সূচি সম্পর্কে তিনি আরও বলেন, সাধারণত চিকিৎসা শেষ হওয়ার পর প্রথম এক থেকে দুই বছর প্রতি তিন মাস অন্তর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থা, নতুন কোনো সমস্যা দেখা দিয়েছে কি না এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। এরপর তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রতি ছয় মাস পরপর ফলোআপ করা হয়।