স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকার বিশেষ গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি জানান, ক্যানসার নিরাময়ে মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এই কথা মাথায় রেখে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এর পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞদের প্রশিক্ষণের সুব্যবস্থা করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মুহিত এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ এই সম্মেলনের আয়োজন করে।

স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করার লক্ষ্যে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, “সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।” এই লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক এবং দেশি-বিদেশি গবেষকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভাগীয় পর্যায়ে ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানান এম এ মুহিত। এই কেন্দ্রগুলোকে ক্যানসার চিকিৎসার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি এগুলোকে পার্শ্ববর্তী জেলা হাসপাতালগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে, যাতে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী রোগীরা বিশেষায়িত কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে দেশের খুব অল্প কিছু স্থানে ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, “মূলত ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরে এসব সেবা সীমিত। ফলে দেশের বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়।” এই সংকট দূর করতে সরকার ক্যানসার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে একটি গবেষণার তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, অর্ধেকের বেশি রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসতে দেরি করেছেন। তাঁদের মধ্যে ২২ শতাংশ দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এবং ৩১ শতাংশ চতুর্থ পর্যায়ে এসেছেন। রোগ শনাক্তে এই বিলম্ব চিকিৎসার চূড়ান্ত ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বাংলাদেশের মতো দেশে ক্যানসার দ্রুত শনাক্ত করার জন্য সাশ্রয়ী ও কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, “দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। সীমিত ব্যয়ে বেশি মানুষের কাছে স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়ার উপায় খুঁজতে হবে।” এ বিষয়ে গবেষক ও চিকিৎসকদের কাছ থেকে বাস্তবসম্মত সুপারিশ প্রত্যাশা করেন তিনি।

গবেষণায় দেখা গেছে, ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগটি পুনরায় ফিরে এসেছে অথবা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়েছে। উন্নত চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই হার কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানান এম এ মুহিত। তিনি বলেন, দেশে এখনো জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা নেই। ই-হেলথ ব্যবস্থা চালু হলে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

এই ডিজিটাল ব্যবস্থা রোগীদের এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠানোর রেফারেল পদ্ধতিকে আরও কার্যকর করবে বলে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, “পাশাপাশি পরিচয় গোপন রেখে রোগীর তথ্য গবেষণার কাজে ব্যবহার করা যাবে।” এতে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি ও প্রযুক্তি উন্নয়নে সহায়তা মিলবে বলে তিনি মনে করেন।

স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেন এম এ মুহিত। তিনি বলেন, স্তন ক্যানসারের স্ক্রিনিং এবং রেডিওথেরাপিসহ চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের বড় সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে আরও গবেষণা ও তথ্যের প্রয়োজন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ার অধ্যাপক ডন এস ডিজন এবং যুক্তরাষ্ট্রের ইউটি হেলথ সান আন্তোনিওর সার্জারি বিভাগের অধ্যাপক ইসমাইল জাতোইসহ অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ।