আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তার বয়স পাঁচ বছর। যশোরের বাসিন্দা রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের জীবন বাঁচাতে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন। ক্যানসারের মতো রোগ শনাক্ত হতে যেমন সময় লাগে, তেমনি এর চিকিৎসার ব্যয়ভারও হয় অত্যন্ত বেশি। চিকিৎসার প্রয়োজনে ঢাকায় এসে মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন শ্রদ্ধা। শুরুতে হাসপাতালের কাছাকাছি একটি বাসায় দৈনিক ২০০ টাকা ভাড়ায় থাকছিলেন তাঁরা। সাথে ছিল খাবারের বাড়তি খরচ। একদিন হাসপাতালের দেয়ালে লাগানো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি ঠিকানার খোঁজ পান রূপা রানী।

ঠিকানাটি ছিল বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’। গত দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় এসে এই আলোক নিবাসেই আশ্রয় নিয়েছেন এই দম্পতি। এখানে থাকা এবং খাওয়ার জন্য তাঁদের কোনো অর্থ ব্যয় করতে হয় না। শুধু আশ্রয়ই নয়, শ্রদ্ধার ওষুধ সঠিক সময়ে দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি করেন নিবাসের নার্সরা। পাশাপাশি তাঁরা পাচ্ছেন প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা। এছাড়া নিবাস থেকে ক্যানসার ইনস্টিটিউটে যাতায়াতের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়।

গত ৮ নভেম্বর বিকেলে ছয়তলা বিশিষ্ট এই নিবাসে রূপা রানীর সঙ্গে কথা হয়। সেই সময় শ্রদ্ধার মেজাজ কিছুটা খিটখিটে ছিল, তাই সে মায়ের কোল থেকে নামছিল না এবং কথা বলছিল না। মা যত্ন করে তার মাথায় কয়েকটি ক্লিপ লাগিয়ে সাজিয়ে দিয়েছিলেন।

রূপা রানী জানান, শ্রদ্ধার বাবা একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত এবং তাঁরা যশোরে থাকেন। সেখানে শিশুদের ব্লাড ক্যানসারের চিকিৎসার সুযোগ নেই বললেই চলে। স্থানীয় এক চিকিৎসক প্রথমে জানিয়েছিলেন যে শ্রদ্ধার থ্যালাসেমিয়া হয়েছে, কিন্তু ঢাকায় আসার পর জানা যায় এটি ক্যানসার। তিনি আরও বলেন, চিকিৎসার খরচ অনেক বেশি। এই নিবাসের খোঁজ না পেলে ঢাকায় থাকা-খাওয়াসহ মেয়ের চিকিৎসা করানো তাঁদের পক্ষে অসম্ভব ছিল। স্বামী সব সময় ঢাকায় থাকতে না পারলেও সমস্যা হয় না, কারণ নিবাস কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করে দেয়।

নিবাসের রোগী সমন্বয়কারী রেবেকা আক্তার ২০২২ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘এই শ্রদ্ধা তো আমাদের চোখের সামনেই বড় হচ্ছে। তবে এখানে থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকে মারাও গেছে, যা ভাবলেই মন খারাপ হয়।’

বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) একটি বিশেষ উদ্যোগ হলো এই নিবাস। বসুন্ধরা আবাসিক এলাকাতেই আরেকটি দোতলা নিবাসসহ মোট দুটি নিবাসে বর্তমানে ৮৫ জন ক্যানসার রোগী ও তাঁদের পরিচর্যাকারী বিনামূল্যে এসব সুবিধা ভোগ করছেন।

রূপা রানী কথা শেষ করে মেয়েকে পাশে বসিয়ে কাঁথা সেলাইয়ের কাজে মন দেন। ‘আলোক কাঁথা’ নামের একটি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা অবসর সময়ে কাঁথা, নকশিকাঁথা, জায়নামাজ ও ডায়েরির কভার তৈরি করেন। এই পণ্যগুলো সুপারশপ ইউনিমার্টে বিক্রি করা হয় এবং যে নারীরা এগুলো তৈরি করছেন, তাঁরা আয়ের একটি অংশ পান। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা বাড়ি ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার ও পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন।

নিবাসের কার্যক্রম শুরু হয় ভোর ছয়টা থেকে। রোগীদের অ্যাম্বুলেন্সে করে ক্যানসার ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফেরার পর গেটে হাত-মুখ ধুয়ে লিফটে করে নিজ নিজ ঘরে যান রোগীরা। এখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা ফ্লোর ব্যবস্থা রয়েছে। রুমে ঢুকে গোসলের পর দায়িত্বরত কর্মীরা খাবার পরিবেশন করেন। ৮ নভেম্বর দুপুরের মেনুতে ছিল মিষ্টিকুমড়া, মুরগির মাংস ও ডাল। বিকেলে শিশুদের জন্য দুধ ও কলা দেওয়া হয়। প্রতি সপ্তাহে দুই দিন একজন পুষ্টিবিদ এসে খাবারের তালিকা নির্ধারণ এবং মানের তদারকি করেন। বর্তমানে দুই নিবাসের জন্য তিন বেলা মিলিয়ে মোট ৬০০ জনের খাবার রান্না করা হয়।

মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে অফিস স্টাফ হিসেবে কর্মরত আবু শাহনাজ সানিত। কক্সবাজারের বাসিন্দা তিনি। নিবাসে থেকেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করছেন। দেড় বছর আগে তাঁর বড় ভাই ক্যানসারের চিকিৎসার জন্য এই নিবাসে থাকতেন। ২৯ বছর বয়সে ভাইয়ের মৃত্যুর পর থেকে আবু শাহনাজ এখানে কাজ শুরু করেন।

ব্যানক্যাট ও এই নিবাস প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক মানবিক গল্প। পোশাকশিল্প ব্যবসায়ী নাজমুস আহমেদ আলবাব ব্যানক্যাটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তিনি মুক্তকণ্ঠ কে বলেন, ২০১১ সালে ৪৫ বছর বয়সে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেন এবং এক বছরের মধ্যে সুস্থ হয়ে দেশে ফেরেন। এই অভিজ্ঞতা তাঁকে বদলে দেয়। তিনি ভাবতে থাকেন দরিদ্র মানুষ কীভাবে ক্যানসারের চিকিৎসা পান। এরপর তিনি সরকারি হাসপাতালগুলো ঘুরে দেখতে থাকেন এবং ব্যবসায়িক জীবন ছেড়ে ক্যানসার রোগীদের জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। শুরুতে বাংলাদেশ ক্যানসার এইড ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হতো।

২০১৯ সালে ফাউন্ডেশন থেকে ব্যানক্যাটের যাত্রা শুরু হয়। ক্যানসার আক্রান্ত পরিবার এবং সমমনা ব্যক্তিরা এই উদ্যোগে যুক্ত হন। ক্যানসার রোগীদের জীবনযুদ্ধের প্রতিটি ধাপে সম্মান, সহমর্মিতা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এখানে মানবিক সেবাব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যানক্যাট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আড়াই হাজারের বেশি ক্যানসার আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে ৫০০-এর বেশি দাতা ও সহযোগী এই যাত্রায় অংশ নিয়েছেন। বর্তমানে ব্যানক্যাটের ট্রাস্টি ১৫ জন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।

নাজমুস আহমেদ বলেন, দেশে ফিরে সরকারি হাসপাতালগুলো ঘুরে মনে হলো, ক্যানসার রোগীরা চিকিৎসা পেলেও সেবা পাচ্ছেন না। এই সেবা কীভাবে দেওয়া যায় ভাবতে থাকেন। এ ভাবনা থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়িতে ২০২২ সাল থেকে আলোক নিবাসের কার্যক্রম শুরু করেন।

নিবাসের নামের সঙ্গে জড়িয়ে আছে মোসাব্বিরের স্মৃতি। ব্যানক্যাটের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কর্নেল (অব.) মোদাসসের হোসেন খান। তিনি মুক্তকণ্ঠ কে বলেন, ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে তাঁর ছেলে মোসাব্বির হোসেন খান ব্রেন ক্যানসারে মারা যান। ছেলের চিকিৎসা হয়েছিল আমেরিকায়। ছেলের স্মৃতিতে ২০০৪ সালে ধানমন্ডিতে মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টার শুরু করেন তিনি। আলোক নিবাস যাত্রা শুরুর পর তিনি নাজমুস আহমেদ আলবাবের সঙ্গে যোগাযোগ করেন।

মোদাসসের হোসেন খান বলেন, ‘আমার নিজেরও ক্যানসার ধরা পড়ে। এখন অবশ্য ভালো আছি। বয়সও হয়েছে। আলোক নিবাস আর আমার প্রতিষ্ঠানটিকে এক করে নিতে বলি আলবাবকে। দুটি প্রতিষ্ঠান মিলে নাম হলো মোসাব্বির আলোক নিবাস।’

৮ নভেম্বর মোসাব্বির আলোক নিবাসে আরও অনেকের সঙ্গে কথা হয়। ১৭ বছর বয়সী আব্দুল হাসিবের ডান পা ঊরু থেকে কেটে ফেলতে হয়েছে, তাই তাঁকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। নোয়াখালীর হাতিয়া থেকে দিনমজুর বাবা মো. মিলন ২১ দিন পরপর ছেলেকে নিয়ে কেমোথেরাপির জন্য ঢাকায় আসেন। আগে তাঁরা হাসপাতালের কাছে ভাড়া বাসায় থাকতেন এবং ছেলের চিকিৎসার জন্য সামান্য জমি বন্ধক দিয়েছেন।

নিবাসের শিশুরা কেউ ছবি আঁকছিল, কেউ খেলায় মেতেছিল, আবার কেউ দোলনায় দুলছিল। শিশুদের বাবা-মায়েরা জানান, এখানে বাচ্চারা পুষ্টিকর খাবার ও খেলার সুযোগ পাচ্ছে, যা অন্য কোথাও পাওয়া সম্ভব ছিল না।

মৌলভীবাজারের কুলাউড়ার রাজমিস্ত্রি মো. জোবেল মিয়া তাঁর আড়াই বছর বয়সী মেয়ে তাকিয়া আক্তারকে নিয়ে মাসখানেক আগে এখানে এসেছেন। তাকিয়ার ১৯ মাস বয়সে একটি বিরল ক্যানসার ধরা পড়ে। ক্যানসার ইনস্টিটিউটে ২১টি কেমোথেরাপি শেষ হয়েছে, আরও ৩১টি নিতে হবে। জোবেল মিয়া তাঁর স্ত্রী সালমা বেগম এবং সাড়ে ৫ বছর বয়সী ছেলে আদিল হোসেনকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন।

অনেকেই এই নিবাসের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বর্তমানে অনেক দাতা চাল, ডাল বা বিছানা স্পনসর করার মাধ্যমে এই মানবিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ভবিষ্যতে ‘ক্যানসার কেয়ার ভিলেজ’ বা ‘আলোক বসতি’ গড়ার স্বপ্ন দেখছে ব্যানক্যাট। ট্রাস্টি ও সাধারণ সম্পাদক মাহজাবীন ফেরদৌস, যিনি নিজের পরিবারের ছয়জনকে ক্যানসারে হারিয়েছেন, তিনি বলেন, ‘আমরা এখন ক্যানসার কেয়ার ভিলেজ “আলোক বসতি”র স্বপ্ন দেখছি। নির্মাণকাজ শুরু হয়েছে। এক হাজার টাকায় একটি ইট—এই কার্যক্রমে যে কেউ এ উদ্যোগে অংশ নিতে পারবেন। এ ভিলেজে এক জায়গায় সমন্বিতভাবে সব সেবা পাওয়া যাবে। মানিকগঞ্জের সিঙ্গাইরে পাঁচ বিঘা জমিতে শুরু হয়েছে এ কার্যক্রম।’

নাজমুস আহমেদ জানান, ক্যানসার নিয়ে কাজ শুরু করার পর তিনি গার্মেন্টস ব্যবসা ছেড়ে দেন। মানুষের কাছ থেকে অনুদান নেওয়ার কারণে পরিবারের সদস্যরা তাঁকে পাগল ভাবতে শুরু করেছিলেন। ২০২৪ সালে তাঁর পুনরায় কিডনিতে ক্যানসার ধরা পড়ে এবং একটি কিডনি অপসারণ করতে হয়। তবে তিনি দমে যাননি। তাঁর উদ্যোগে বর্তমানে ২০০ জনের বেশি মানুষ নিয়মিত অনুদান দিচ্ছেন। কেউ চাল, কেউ ডাল, আবার কেউ বিছানা স্পনসর করছেন। এভাবেই সাধারণ মানুষের সহায়তায় ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।