রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
ডিবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আটক আতিয়ার রহমান হাবু দীর্ঘ সময় ধরে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত তার নিজস্ব ঠিকানা ছেড়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র। রাজনৈতিক পরিচয়ে তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা গুলশান ডিবি পুলিশের উপপুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান।