ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ক্যানসার চিকিৎসায় কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ১১তম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, “সবার স্বাস্থ্যই অগ্রাধিকার। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে যেসব রোগ-প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ করতে হবে। পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং এড়ানো সম্ভব এমন দুর্ভোগ কমিয়ে আনতে হবে। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।”

ক্যানসার চিকিৎসায় বিদ্যমান বড় ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সময়মতো চিকিৎসা শুরু হলে রোগের পরিণতি বদলে দেওয়া সম্ভব। তাই শহর ও গ্রামের সকল নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসাথে বিদ্যালয়ে পড়ুয়া এবং বিদ্যালয়ের বাইরে থাকা সকল মেয়েদের টিকাদান কর্মসূচির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় সাফল্যের মাপকাঠি নির্ধারণের বিষয়ে জুবাইদা রহমান বলেন, “কতজন মেয়েকে টিকা দেওয়া হলো, কতজন নারী স্ক্রিনিংয়ের আওতায় এলেন, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসা ব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল- এসব বিষয়কে সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনগুলো আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিটি মেয়ে ও নারীর কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশে ক্যানসার মোকাবিলায় আরও বড় অগ্রগতি সম্ভব বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, ক্যানসার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। রেডিওথেরাপি চিকিৎসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুব শীঘ্রই আরও আটটি যন্ত্র কেনা হবে। সরকারের লক্ষ্য হলো বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের বাড়ির কাছাকাছি উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।

তিনি আরও জানান, ক্যানসার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং কর্মসূচি বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতে এ বছর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার উন্নতি হবে না। উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল চিকিৎসকের সহযোগিতা প্রয়োজন। তিনি আক্ষেপ করে বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রাম ও উপজেলা পর্যায়ে বসবাস করলেও চিকিৎসকদের বড় অংশ ঢাকা ও কয়েকটি বড় শহরে কর্মরত। এই বৈষম্য দূর করে উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

সম্মেলনের তাৎপর্য বর্ণনা করে অনকোলজি ক্লাব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ.এম.এম. শরিফুল আলম বলেন, “গত এক দশকেরও বেশি সময় ধরে অনকোলজি ক্লাব বাংলাদেশ দেশের ক্যানসার চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারের আসরে বিশ্বের ১১টি দেশের খ্যাতনামা বিশেষজ্ঞদের অংশগ্রহণ আমাদের দেশীয় চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা পদ্ধতি ও গবেষণার সাথে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ তৈরি করেছে।”

কংগ্রেসের বৈজ্ঞানিক সেশনগুলো সম্পর্কে বৈজ্ঞানিক কমিটির সদস্য সচিব ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, “এবারের সম্মেলনে ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং আধুনিক রেডিয়েশন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে বিশদ বৈজ্ঞানিক আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে। তরুণ অনকোলজিস্টদের গবেষণামুখী করে তোলা এবং জটিল ক্যানসার রোগীদের বহুমুখী চিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় এক হাজার বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়া স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন।