দেশের ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের জন্য এই হাসপাতালটি যেন শেষ ভরসার স্থল। এখানে রোগ শনাক্তকরণের পরীক্ষার খরচ তুলনামূলক অনেক কম, ওষুধের দাম হাতের নাগালে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
তবে এই সুযোগ-সুবিধার বিপরীতে চিকিৎসা সেবা পাওয়ার প্রক্রিয়ায় রোগীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রয়োজনীয় রোগ পরীক্ষার সিরিয়াল পাওয়ার জন্য রোগীর স্বজনদের দীর্ঘ লড়াই করতে হয়; অনেকেই মধ্যরাতের আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। গত এক দশকে হাসপাতালটিতে শয্যার সংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে জনবল বাড়ানো হয়নি। এর ফলে সেবার মান ব্যাহত হচ্ছে। এছাড়া হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে অচল হয়ে পড়ে আছে, যা রোগীদের সঠিক ও দ্রুত চিকিৎসা পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।