অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানো এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থায় সংস্কার আনতে পারলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই সম্ভাবনা উঠে এসেছে।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “ভর্তুকি আরও সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো প্রয়োজন। এতে এসব পরিবারের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।”

প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও জানিয়েছে যে, বর্তমানে রাজস্ব আয় হ্রাস পেয়েছে। অন্যদিকে সরকারের পরিচালন ব্যয় এবং জ্বালানি খাতে আর্থিক চাপ ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতির কারণে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে, যার ফলে বিশেষ করে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্যগুলো জানানো হয়।

বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আদায় জোরদার করা, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও ধারাবাহিক সংস্কার অত্যন্ত প্রয়োজন। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের জন্য সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশকে পুনরায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিশ্বব্যাংকের মতে, দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে রাজস্ব সংস্কারকে গুরুত্ব দিতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যে সরকারি লক্ষ্য রয়েছে, তা অর্জনেও এই সংস্কার জরুরি বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বর্তমান অর্থনীতির পাঁচটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে:

১. কর্মসংস্থানের অভাব: যুব ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছেন। এছাড়া দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগের কারণে কর্মসংস্থান সৃষ্টি ধীর হয়েছে, যা বেসরকারি খাতের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।

২. নিম্ন রাজস্ব আয়: ২০২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর। মোট রাজস্ব আয় ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

৩. সরকারি বিনিয়োগ হ্রাস: ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ ছিল সরকারি মূলধনি ব্যয়, যা ২০২৫ অর্থবছরে কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। শিক্ষা খাতে ব্যয়ও অত্যন্ত কম; ২০২৫ অর্থবছরে এই ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

৪. ঋণের সুদ পরিশোধের চাপ: ২০১৭ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ছিল সুদ পরিশোধের ব্যয়, যা ২০২৬ অর্থবছরে বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের অধিক ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

৫. জ্বালানি ভর্তুকির চাপ: বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই ভর্তুকির পরিমাণ আরও বাড়তে পারে।

এই সংকট উত্তরণে বিশ্বব্যাংক পাঁচটি সুপারিশ প্রদান করেছে:

প্রথমত, রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা ও কর প্রশাসনের আধুনিকায়ন করতে হবে। করনীতি প্রণয়ন এবং কর প্রশাসনের কাজ আলাদা করার পাশাপাশি ডিজিটাল ব্যবস্থার সমন্বয় এবং করদাতাদের জন্য একক পরিচিতি নম্বর চালু করার কথা বলা হয়েছে।

দ্বিতীয়ত, কর অব্যাহতি কমিয়ে সংস্কার করতে হবে। কর অব্যাহতির কারণে সরকারের যে রাজস্ব ক্ষতি হয় তা কমাতে হবে। ২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই অর্থবছরের মোট কর রাজস্বের প্রায় সমান ছিল।

তৃতীয়ত, জ্বালানির দাম প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। নিয়মভিত্তিক মূল্য নির্ধারণব্যবস্থা চালু করার পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

চতুর্থত, জ্বালানির দাম সংস্কারের সময় দরিদ্র পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতের ভর্তুকি সংস্কারের পাশাপাশি দরিদ্র পরিবারকে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য সামাজিক সুরক্ষাতালিকা শক্তিশালী করা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এতে সবার জন্য একই ধরনের ভর্তুকির পরিবর্তে প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাংকের হিসাবে দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তাই সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত সামাজিক সহায়তা আরও কার্যকর করা, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা কমানো নয়।

পঞ্চমত, বিনিয়োগ বৃদ্ধি করা। সংস্কারের মাধ্যমে সরকারের যে আর্থিক সক্ষমতা তৈরি হবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগে ব্যবহার করতে হবে। এর জন্য পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজন রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে পুনরায় বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থা সংস্কার করা গেলে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হলে ২০২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা রাজস্ব আয় ২০৩৫ অর্থবছরে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। তবে সীমিত সংস্কারের ক্ষেত্রে এই হার ১০ শতাংশে পৌঁছাতে পারে। বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কার বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ধরে রাখার ভিত্তি তৈরি করবে এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।