বাংলাদেশের অর্থনীতির বর্তমান নাজুক পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। মুক্তকণ্ঠর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলাম তাঁর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন।

বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থান এবং আশঙ্কার জায়গাগুলো সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের অর্থনীতি একটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন ও জরিপে সে চিত্রই পাওয়া যায়। আমাদের উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি ছিল দারিদ্র্য কমানো। এখন সেটিই উল্টো দিকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। বড় ধরনের পরিবর্তন না এলে সামনের দিনেও এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, প্রবৃদ্ধির গতি এখন দুর্বল। মূল্যস্ফীতি বাড়ছে, আর যখন বাড়ছে না, তখনও তা উচ্চপর্যায়ে আটকে আছে। প্রকৃত মজুরি হ্রাস পাচ্ছে এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও তেমন গতি নেই। অর্থনীতি সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তা বুঝতে এই বিষয়গুলোই মুখ্য, আর সেখানে পরিস্থিতি মোটেও সুখকর নয়।

তবে আশার কথা বলে জাহিদ হোসেন জানান, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে মানুষ অনির্দিষ্টকাল অপশাসন মেনে নেয় না। ভিন্ন মত থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে মানুষ সংগঠিত হতে পারে এবং পরিবর্তন ঘটাতে পারে। এটি অপশাসনের বিরুদ্ধে জবাবদিহিতার এক বাস্তব দৃষ্টান্ত। তিনি মনে করেন, কেউ সাময়িকভাবে জবাবদিহি এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে মানুষের মুখোমুখি হতেই হয়।

গণ-অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা তৈরি করেছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং অনেক ক্ষেত্রে আশাভঙ্গও হয়েছে। তবুও মানুষের এই সংগঠিত হওয়ার শক্তিকে ছোট করে দেখার সুযোগ নেই। অতীতের উন্নয়নেও এই শক্তির ভূমিকা ছিল। প্রতিকূলতার মাঝেও আয়ু বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়েছে। একসময় সাত কোটি মানুষের খাদ্য জোগানো নিয়ে সংশয় থাকলেও কৃষিতে আমূল পরিবর্তনের ফলে এখন খাদ্যের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ, প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ পরিবর্তন ঘটাতে পারে—এটাই তাঁর কাছে সবচেয়ে বড় আশার জায়গা।

আগামী ১০-১৫ বছরের অর্থনৈতিক লক্ষ্য ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরেও একটি বড় জনগোষ্ঠী দরিদ্র কিংবা দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়। অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি তো মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এত বছর পরেও এত মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। একসময় আমাদের উদ্বেগ ছিল, দারিদ্র্য কমার গতি ধীর হয়ে যাচ্ছে। এখন উদ্বেগ আরও বড়, দারিদ্র্য বাড়ছে। ১০ বছর আগে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে হয়তো বলতাম, আগামী দশকে দারিদ্র্য কমিয়ে আনতে চাই। আজও একই স্বপ্নের কথা বলতে হচ্ছে।”

তাঁর মতে, আগামী ১০-১৫ বছরের মূল লক্ষ্য হওয়া উচিত দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো এবং দারিদ্র্যসীমার ওপরের মানুষদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। যেন অসুস্থতা বা কাজ হারানোর মতো কোনো ধাক্কায় তারা পুনরায় দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়। এর জন্য মাথাপিছু আয় বৃদ্ধি এবং আয়বৈষম্য হ্রাস—এই দুটি বিষয় একসঙ্গে ঘটতে হবে। শুধু আয় বাড়লে হবে না, বৈষম্য কমলে তবেই নিম্নবিত্তরা সুফল পাবে। আবার শুধু বণ্টনের পরিবর্তন করে জীবনমান উন্নয়ন সম্ভব নয়, তার জন্য আয় বাড়ানোও জরুরি।

জাহিদ হোসেন মনে করেন, কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং প্রকৃত মজুরি—এই তিনটিরই সমন্বয় ঘটাতে হবে। শুধু কাজের সংখ্যা বাড়ালে হবে না, সেই কাজের উৎপাদন এবং শ্রমিকের আয়ও বৃদ্ধি করতে হবে। কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই এই যোগসূত্র তৈরি করা প্রয়োজন। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, কোথাও কর্মসংস্থান বাড়লেও উৎপাদনশীলতা বাড়েনি, আবার কোথাও উৎপাদনশীলতা বাড়লেও কাজের সুযোগ কমেছে। ভবিষ্যতের পরিকল্পনায় এই বিচ্ছিন্নতা দূর করাই হবে প্রধান কাজ।

দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পোশাকশিল্প, প্রবাসী আয় ও কৃষির কথা বলা হয়। এ বিষয়ে তিনি বলেন, এই তিনটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শুধু এগুলোর ওপর নির্ভর করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। অর্থনীতির ভিত্তি আরও বিস্তৃত করতে হবে। পোশাকশিল্পে নতুন বাজার এবং পণ্যের বৈচিত্র্য আনার সুযোগ এখনো আছে, তবে সস্তা শ্রমের প্রতিযোগিতার মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই চামড়াজাত শিল্প ও হালকা প্রকৌশলের মতো সম্ভাবনাময় খাতগুলোকে বাস্তবে রূপ দিতে হবে।

কৃষির ক্ষেত্রে তিনি জানান, খাদ্যনিরাপত্তা ও জীবিকা রক্ষার জন্য এটি অপরিহার্য। তবে নগরায়ণ ও অবকাঠামো নির্মাণের ফলে আবাদি জমি কমছে, তাই শুধু কৃষির মাধ্যমে অর্থনীতির বড় সম্প্রসারণ সম্ভব নয়। প্রবাসী আয়ের ক্ষেত্রেও কর্মী সংখ্যা বাড়ানোর একটি সীমা আছে, তবে দক্ষতার পরিবর্তন নতুন সুযোগ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরে জাপান ও পূর্ব ইউরোপের মতো অঞ্চলে বয়স্কদের পরিচর্যাসহ বিভিন্ন দক্ষ কাজের চাহিদা বাড়ছে, যা কাজে লাগানো উচিত।

আধুনিক সেবা খাতকে তিনি বড় সম্ভাবনা হিসেবে দেখছেন। তরুণরা এখন ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে অনলাইনে কাজ করছে। প্রয়োজনীয় শিক্ষা, দক্ষতা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে এই খাতটি অনেক বড় হতে পারে। তাই রপ্তানিতে বৈচিত্র্য আনা, দক্ষতা তৈরি এবং প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক সেবাবাজারে প্রবেশ করার পথ খোলা রাখা প্রয়োজন।

তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের বিষয়ে তিনি দীর্ঘমেয়াদি চিন্তার কথা বলেন। তিনি বলেন, জনসংখ্যার সুবিধা এখনো কেবল সম্ভাবনার পর্যায়ে আছে। এটি অনেকটা মাঠে ফসল থাকার মতো, যা গোলায় তুলতে না পারলে লাভ নেই। প্রস্তুতি শুরু হতে হবে শিশুর প্রথম এক হাজার দিনের পুষ্টি ও পরিচর্যা থেকে। গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব এবং প্রারম্ভিক বিকাশের অভাব শিশুর শেখার ক্ষমতায় দীর্ঘমেয়াদি ক্ষতি করে, যা পরবর্তী শিক্ষা ও কর্মজীবনে প্রভাব ফেলে।

শিক্ষার ক্ষেত্রে তিনি বলেন, স্কুলে ভর্তির হার বাড়লেও শিক্ষার মানে সেই অগ্রগতি আসেনি। সাম্প্রতিক জরিপে শেখার ঘাটতির উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। তাই পড়তে পারা, বুঝতে পারা, হিসাব করা এবং বিজ্ঞানের মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও দেখতে হবে যে প্রশিক্ষণের চাহিদা কর্মক্ষেত্রে আছে কি না। স্বাস্থ্য ও শিক্ষায় শক্ত ভিত্তি না হলে তরুণ জনগোষ্ঠীর সুবিধা পুরোপুরি পাওয়া যাবে না।

বৈশ্বিক সংকট ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা বলে তিনি জানান, ২০২০ সালের পর করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান কেন্দ্রিক অস্থিরতার মতো বড় ধাক্কা এসেছে। অনেক দেশ এসব ধাক্কা সামলে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, তাই শুধু বাইরের সংকট দিয়ে বাংলাদেশের অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না। মূল বিষয় হলো ধাক্কা সামলানোর সক্ষমতা। এর জন্য আর্থিক খাত ও সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন। মুদ্রানীতি, বিনিময় হার, ব্যাংক তদারকি এবং সরকারি আয়-ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা সংকট মোকাবিলায় প্রধান হাতিয়ার। এছাড়া দক্ষ জনশক্তি ও শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষতির বোঝা যেন ন্যায্যভাবে ভাগ করা হয়, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের উন্নয়নের পরিবর্তিত চিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একসময় সীমিত আয়েও বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি অর্জন করেছিল, যাকে ‘বাংলাদেশ প্যারাডক্স’ বলা হতো। কিন্তু এখন পরিস্থিতি উল্টো; অতীতের অর্জনের ভিত্তিতে যতটা এগোনোর কথা ছিল, ততটা এগোনো যাচ্ছে না। একে তিনি বলছেন ‘বাংলাদেশ পাজল’। এর মূল কারণ হিসেবে তিনি সুশাসনের ঘাটতিকে চিহ্নিত করেন।

সুশাসন সম্পর্কে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, “ক্রিকেটের উদাহরণ দিলে বোঝা সহজ। খেলোয়াড় আছে, নিয়ম আছে, বোর্ড ও আম্পায়ারও আছে। কিন্তু প্রভাবশালী খেলোয়াড়ের অপরাধ উপেক্ষা করে সাধারণ খেলোয়াড়কে শাস্তি দিলে খেলা ন্যায্য থাকে না।” অর্থনীতিতেও নিয়ম কীভাবে তৈরি হচ্ছে এবং কার ওপর প্রয়োগ হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। সংকটের প্রস্তুতি মানে শুধু অর্থ জমা রাখা নয়, বরং নিয়মের ন্যায্য প্রয়োগ এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা নিশ্চিত করা।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে দলগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দারিদ্র্য কমানো, কর্মসংস্থান বাড়ানো, রপ্তানিতে বৈচিত্র্য আনা, ব্যাংক খাত সংস্কার, জ্বালানি সরবরাহ এবং বন্দরের উন্নয়ন—এসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে। এমনকি সরকারের কৌশলপত্রে পুনঃস্থাপন ও পুনরুদ্ধার নিয়ে খুব বেশি আপত্তির জায়গা নেই।

সমস্যাটি লক্ষ্য নিয়ে নয়, বরং রাজনৈতিক আচরণে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে দুর্নীতি দমন ও প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গেলে তা অনেক সময় প্রতিফলিত হয় না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন, আর সুশাসন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি টেকসই হবে না।