দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের লক্ষ্যে ভুয়া আবেদন এবং জাল নথিপত্র ব্যবহারের গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রকাশক পরিবর্তনের আবেদন জানিয়ে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে তিনি কোনো আবেদনপত্র জমা দেননি, কোনো নথিতে স্বাক্ষর করেননি এবং এই বিষয়ে কাউকে কোনো ধরনের অনুমোদনও প্রদান করেননি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপির মাধ্যমে এই সকল তথ্য প্রকাশ করা হয়।
উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তারিন হোসেনের নাম ব্যবহার করে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যে আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং জাল। ওই কথিত আবেদনের ওপর ভিত্তি করে প্রকাশক পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা আইনগত ও প্রশাসনিকভাবে সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রকাশক পরিবর্তনের এই কথিত প্রক্রিয়া সম্পর্কে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পত্রিকাটির সম্পাদক তাসমিমা হোসেন কোনোভাবেই অবগত নন। অভিযোগ করা হয়েছে যে, পরিচালনা পর্ষদের সকল সদস্যের অজ্ঞাতসারে একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র এই জালিয়াতির ঘটনাটি ঘটিয়েছে।
বর্তমানে দেশের বাইরে অবস্থানরত তারিন হোসেন তার নামে জমা দেওয়া কথিত আবেদনপত্রের সত্যতা ও উৎস অবিলম্বে যাচাই করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, গত ১৮ নভেম্বর দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দৈনিক ইত্তেফাকের অভিযোগ, এসব প্রতিবেদনে তারিন হোসেনের রাজনৈতিক পরিচয়, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়াই এ ধরনের মিথ্যা ও বিকৃত সংবাদ প্রকাশ পেশাদার সাংবাদিকতার নীতিমালার চরম পরিপন্থি।”
প্রকাশিত ভুল তথ্যগুলো অবিলম্বে সংশোধন করার এবং ভবিষ্যতে তারিন হোসেন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।