ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় ইরানের ওপর সামরিক অভিযান চালানোর জন্য প্ররোচিত করছেন। ইসরায়েলি পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এই হামলার বিষয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, ইরানের সামরিক সক্ষমতা সংক্রান্ত নতুন গোয়েন্দা প্রতিবেদন এবং ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা খতিয়ে দেখছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। ইসরায়েলের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার সফলভাবে পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন রয়েছে এবং এখনই পদক্ষেপ নেওয়ার যে সুযোগ সামনে আছে, ট্রাম্প সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে হিসাব করছেন। তবে প্রশাসনের ভেতরেই গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং পুনরায় ইরানে হামলা চালানো কতটা যৌক্তিক হবে, তা নিয়ে গভীর মতপার্থক্য বিদ্যমান। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মধ্যে যুদ্ধের প্রতি স্পষ্ট অসন্তোষ দেখা গেছে, যা এই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। প্রায় আট মাস আগে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প দ্রুত বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হয়নি; বরং যুদ্ধের প্রভাবে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু চার থেকে সাত দিনের একটি বিমান হামলায় যুক্তরাষ্ট্রকে যোগ দিতে জোরালো চাপ দিচ্ছেন। স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত মাসে ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। পার্লামেন্টে (নেসেট) স্পিকার ও ডেপুটি স্পিকার পদে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা পরাজিত হয়েছেন।
গত সপ্তাহে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনার তীব্রতা বাড়ে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান শ্লোমি বাইন্ডারসহ শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় পুনরায় সামরিক অভিযান শুরুর পক্ষে মত দেন। তবে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো চাপ দেননি। তাঁর এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী সব সময় ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই কাজ করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের যুদ্ধ শুরুর বিষয়ে ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। কখনো তিনি ঘোষণা দিয়েছেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আবার কখনো ইঙ্গিত দিয়েছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি আবারও হামলা চালাতে পারেন। সম্প্রতি ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত এমন একটি চুক্তিতে আসতে বাধ্য হবে, যার আওতায় তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে।
ট্রাম্পের চিন্তাভাবনা সম্পর্কে জানাশোনা ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্র কার্যত এই যুদ্ধে হেরে গেছে—এমন সমালোচনার বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল। নির্বাহী ক্ষমতা প্রয়োগের দুই বছর পর প্রেসিডেন্ট এখন তাঁর দ্বিতীয় মেয়াদের শেষভাগের (নখদন্তহীন) সময়ের দিকে এগোচ্ছেন। অতীতে অনিশ্চয়তা বা বাধার মুখে পড়লে তিনি প্রায়ই শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছেন। মার্কিন এক কর্মকর্তা মনে করেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আর বড় কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই, কারণ তাঁর অর্থনৈতিক চাপ ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে ওই কর্মকর্তা আরও যোগ করেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে।
সামরিক কর্মকর্তাদের মতে, গত কয়েক সপ্তাহে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী বিশাল সমরাস্ত্র সমাবেশ ঘটিয়েছে। ট্রাম্প অনুমোদন দিলেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং জ্বালানি স্থাপনাগুলোতে স্বল্প সময়ের জন্য তীব্র হামলা চালানোর উদ্দেশ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছানোর পর সামরিক শক্তি সাময়িকভাবে আরও বৃদ্ধি পেয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি একসঙ্গে অবস্থান করছে, যদিও এর পরপরই অন্য একটি রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ প্রশান্ত মহাসাগরের দিকে ফিরে গেছে।
যেকোনো সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যে মোতায়েন ডজনখানেক যুদ্ধবিমান ও আক্রমণকারী বিমান অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রে থাকা দূরপাল্লার বি-১ ও বি-২ বোমারু বিমানগুলো যোগ দেবে। সম্ভাব্য অভিযানের লক্ষ্যে সেগুলোকে গত কয়েক সপ্তাহ ধরে ৯৬ ঘণ্টার সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্টের সামনে সামরিক পদক্ষেপের বেশ কিছু বিকল্প উপস্থাপন করেছেন, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তৈরি করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাডমিরাল কুপার চলতি সপ্তাহে ওই অঞ্চল সফর করছেন।
বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলের ঘাঁটি ও স্থাপনাগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও সরবরাহ করেছে। অভিযানের নিরাপত্তার কারণ দেখিয়ে পেন্টাগন বুধবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এক বিবৃতিতে বলেছে, মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্টের কাছে বিভিন্ন বিকল্প তুলে ধরার কাজ অব্যাহত রেখেছে এবং সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে। সিআইএ-ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সামরিক কর্মকর্তাদের মতে, হামলা চালানো হলে তা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারকে লক্ষ্য করে হবে, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ের পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পুনর্গঠন করেছে। এছাড়া জ্বালানি স্থাপনা ও আইআরজিসির কমান্ড পোস্ট ও সদর দপ্তরগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরায়েলের পরিকল্পনায় ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে শিল্পকারখানা ও সাধারণ মানুষের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে ট্রাম্প এখনো এই প্রস্তাবে রাজি হননি।
যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবাজ নেতানিয়াহু এমন সব পরিকল্পনার কথা বলে আসছেন, যা তাঁর মতে ইরান সরকারের বিরুদ্ধে গণ–অভ্যুত্থান ঘটাতে পারে, যদিও এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। ইরানে আরেক দফা হামলার এই তাগিদ মূলত নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সঙ্গে জড়িত। গত মাসের নির্বাচনের পর বিরোধী দলগুলোর একটি জোট সরকার গঠনের চেষ্টা করছে এবং নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন করে যুদ্ধ শুরু হলে বিরোধী দলের সরকার গঠনের প্রচেষ্টা বিলম্বিত বা ভেস্তে যেতে পারে এবং নেতানিয়াহুকে রেখে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চাপ তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ইসরায়েল তেহরানের পক্ষ থেকে আসা বিভিন্ন হুমকির কথা তুলে ধরেছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য পরিমাণে রাসায়নিক ও জৈব অস্ত্রের সক্ষমতা রয়েছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি এবং এই অস্ত্র ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপে সন্ত্রাসী হামলা চালাতে পারে। তারা আরও দাবি করছেন, ইরানিরা ওই অঞ্চলে থাকা ড্রোনগুলোতে এসব অস্ত্রের কিছু অংশ যুক্ত করে ইসরায়েল বা প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, ইরান নিয়ে ইসরায়েলের গোয়েন্দা তথ্য বা নেতানিয়াহুর দাবি অনেক ক্ষেত্রেই ভুয়া প্রমাণিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে তিনি এসব গল্প ফাঁদেন। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও ইরানের রাসায়নিক ও জৈব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার প্রমাণ দেখছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান এসব অস্ত্র আগবাড়িয়ে ব্যবহার করার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে কিংবা ইরানের অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষতি করে এমন বড় হামলা না চালায়, তা প্রতিরোধ করার জন্যই এই সক্ষমতা বাড়াচ্ছে।
ইসরায়েল এমন গোয়েন্দা তথ্যও দিয়েছে যাতে দাবি করা হয়েছে, ইরানিরা জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে রাসায়নিক উপাদান ব্যবহারের ষড়যন্ত্র করেছে। ওই গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেছেন, সম্প্রতি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তাঁর বাসভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এ ধরনের হুমকির সম্পর্ক ছিল।