ইসরায়েলে গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগে ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর অনুগত মোসাদপ্রধান রোমান গফম্যান। গতকাল শুক্রবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
প্রতিবেদনে তথ্যের উৎসের পরিচয় গোপন রাখা হলেও এতে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এই হামলার পরিকল্পনার পক্ষে ছিলেন না। তাঁদের প্রধান আশঙ্কা ছিল, এমন পদক্ষেপের ফলে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়তে পারে।
সংশ্লিষ্টদের আশঙ্কা সত্ত্বেও অভিযানের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা সংস্থার এক সদস্যের ভুলে যুক্তরাষ্ট্র এই গোপন পরিকল্পনার কথা জানতে পারে। এরপর ওয়াশিংটন দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর এই হামলার উদ্যোগটি আটকে দেয়। চ্যানেল টুয়েলভ নির্দিষ্ট করে জানায়নি যে কী ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিল, তবে তারা জানিয়েছে যে সামরিক বিধিনিষেধ মেনে প্রতিবেদনটি প্রচার করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এই প্রতিবেদনের দাবিগুলো পুরোপুরি নাকচ করে দিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী তখনই স্পষ্ট করেছিলেন, ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা ছিল না।
চ্যানেল টুয়েলভ আরও জানিয়েছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একই ধরনের অভিযোগ তুলেছেন। নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত বারাক বলেন, সেনাপ্রধানকে না জানিয়ে মোসাদের মাধ্যমে ইরানকে ঘিরে একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু।
উল্লেখ্য, শুক্রবারের এই প্রতিবেদনের আগেও নির্বাচনের ঠিক আগে একই ধরনের বেশ কিছু খবর প্রকাশিত হয়েছিল। ২৫ অক্টোবর, অর্থাৎ ভোটের দুই দিন আগে চ্যানেল টুয়েলভ জানিয়েছিল, নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে ‘নজিরবিহীন বিরোধ’ চলছিল। জানা গেছে, প্রধানমন্ত্রীর একটি সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশই ছিল এই বিরোধের মূল কারণ। প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ওই পদক্ষেপ ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের সূত্রপাত করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে চ্যানেলটি জানায়, জামির ওই সামরিক পদক্ষেপ নিতে আপত্তি জানাচ্ছিলেন। তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চেয়েছিলেন এবং পদক্ষেপটির আইনগত অনুমোদনসংক্রান্ত নথিতে নেতানিয়াহুর স্বাক্ষর চেয়েছিলেন। তবে নির্দিষ্ট করে কী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল, তা জানানো হয়নি।
চ্যানেলটি তখন জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় এই বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়। ওই প্রতিবেদনটিও সামরিক বিধিনিষেধ মেনে প্রচার করা হয়েছিল। এক সামরিক সূত্রের বরাতে বলা হয়, এমন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা এই সংবেদনশীল সময়ে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এতে পরিস্থিতি ভুলভাবে ব্যাখ্যা করারও আশঙ্কা তৈরি হচ্ছে।
বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল টুয়েলভের সঙ্গে কথা বলেছেন। তাঁদের ভাষ্যমতে, সামরিক নেতৃত্বের মধ্যে গভীর উদ্বেগ ছিল। তাঁদের আশঙ্কা ছিল, রাজনৈতিক নেতৃত্ব নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার জন্য ইরান ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
২৫ অক্টোবর রাতে চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু একে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, জামিরের সঙ্গে তাঁর ‘কোনো বিরোধ নেই’। তবে ওই সাক্ষাৎকারের শুরুতেই নেতানিয়াহু বলেন, সম্প্রতি তিনি ইসরায়েলের সামরিক বাহিনী ও মোসাদকে ইরানের শাসকগোষ্ঠীর পতন ঘটানোর নির্দেশ দিয়েছেন। যদিও এই বক্তব্যের সঙ্গে চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে উল্লিখিত নির্দিষ্ট নির্দেশটির কোনো সম্পর্ক আছে বলে মনে হয়নি।
চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে আরও বলা হয়, পালমাহিম বিমানঘাঁটিতে এক বৈঠকেও নেতানিয়াহু ও জামিরের মধ্যে তীব্র উত্তেজনা ও বিরোধ তৈরি হয়েছিল। বৈঠকের পরিবেশ ছিল ‘অত্যন্ত তিক্ত’। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানিয়েছে, তিনি বলেছেন, ‘গত কয়েক দিনে জামির যে ভূমিকা রেখেছেন, ইতিহাস তা ভুলবে না’। তবে এই বক্তব্যের বিস্তারিত কিছু জানানো হয়নি।
নির্বাচনের আগের দিন ২৬ অক্টোবর চ্যানেল টুয়েলভ ও থার্টিন আরও একটি খবর প্রচার করে। সেখানে বলা হয়, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন, যার একমাত্র বিরোধিতা করেছিলেন সেনাপ্রধান জামির। অন্য কোনো নিরাপত্তাপ্রধান এতে আপত্তি জানাননি। সামরিক বাহিনীর আশঙ্কা ছিল, এই পদক্ষেপের ফলে ইরানের সঙ্গে সংঘাত শুরু হতে পারে এবং নির্বাচন ভেস্তে যেতে পারে।
একই দিনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানে নতুন করে বিমান হামলা চালানোর জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলেন নেতানিয়াহু, তবে জামিরের বাধায় তা সম্ভব হয়নি। সংবাদমাধ্যমটি আরও জানায়, জামিরের মনে আরেকটি উদ্বেগ ছিল যে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে এমন কোনো আলাদা পদক্ষেপ নিতে চাইছেন যা সরাসরি প্রকাশ্য হামলা না হলেও ইরানকে উসকে দিতে পারে এবং এর ফলে ইসরায়েলে হামলা হতে পারে।
এদিকে শুক্রবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো।
ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আজ রোববার তিনি সরকার গঠনের জন্য যেকোনো একটি পক্ষকে আমন্ত্রণ জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ২০১৫ সালের পর কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী এত বেশি আইনপ্রণেতার সমর্থন পাননি। ইসরায়েলি আরব দল ও জোটের সমর্থন পাওয়ার পর আইজেনকটের প্রতি এখন নবনির্বাচিত ৬৭ আইনপ্রণেতার সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট হারজগ জানিয়েছেন, তিনি রোববারের মধ্যে নতুন সরকার গঠনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করবেন।
ভেস্তে যাওয়া এই হামলার প্রতিবেদনটি এমন এক সময়ে সামনে এল, যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার অগ্রগতি হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে খবর পাওয়া গেছে।
চলতি সপ্তাহের শুরুতে চ্যানেল টুয়েলভ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের কাছে একটি অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। অনুরোধটি ছিল—ভোট শেষ হওয়ার পরপরই যেন ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করা হয়। উল্লেখ্য, ওই নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের মুখে পড়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আপাতত তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় আরও সময় দিতে চান।
নেতানিয়াহুর আশঙ্কা, আলোচনার ফলে ইরানের ওপর চাপ কমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প চান, এই কূটনৈতিক প্রচেষ্টায় ইসরায়েল যেন আপাতত হস্তক্ষেপ না করে। গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে ইরানের প্রতি তাঁর বার্তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইরানকে পরাজিত করেছি। ইরানে আমরা খুব ভালো করছি। আমরা ইরানের সঙ্গে কথা বলছি। ছয় বা সাত মাসে আমরা একজন সেনাও হারাইনি।’
ট্রাম্প আরও দাবি করেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামাতে না পারলে আজ ইসরায়েল, এমনকি পুরো মধ্যপ্রাচ্যেরই অস্তিত্ব থাকত না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘কেউ এটা বলতে চায় না; কিন্তু সবাই জানে, এটাই সত্য।’