‘লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত–পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি’—অঝোরে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন জ্যোতি খানম। শোকাতুর কণ্ঠে তাঁর আর্তনাদ যেন চারপাশের পরিবেশকে ভারী করে তুলল।

কিছুক্ষণ নীরব থেকে তিনি আরও বললেন, ‘আমার সোনার টুকরো ভাই। সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’

জ্যোতি খানমের এই শোকের কারণ তাঁর ভাই সোহেল রানা, যিনি নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছিলেন। গত বুধবার রাতে এক নৃশংস হামলায় তিনি প্রাণ হারান। অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও কর্মীরা সোহেল রানার ওপর এই হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামে সোহেল রানার বাড়িতে গিয়ে তাঁর শোকসন্তপ্ত বোনের সাথে কথা বলা হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়। কালিয়া উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অতর্কিত হামলায় সোহেল রানাসহ দুই বিএনপি নেতা নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া গেছে—সোহেল রানা (৪৫), যিনি কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন এবং শাহিনুর ইসলাম (৪০), যিনি পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে কালিয়া পৌর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে নিয়মিত টহল দিচ্ছেন।

এদিকে সকালে কালিয়া পৌর এলাকার মির্জাপুর গ্রামে শাহিনুর ইসলামের বাড়িতে শোকের ছায়া। সেখানে দেখা যায়, স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। একে একে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

শাহিনুরের স্ত্রী রিমা খাতুন গভীর আক্ষেপের সাথে বলেন, ‘ঘটনা সবাই জানবে–শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভিতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে নে। আমার সন্তান বাপ হারাইছে। আমি ১০ বছরের সংসার হারাইছি।’

সন্তানের হত্যার বিচার দাবি করে শাহিনুরের বাবা নিছার উদ্দিন মোল্লা বলেন, ‘ওরা সন্ধ্যার সমায় মোটরসাইকেল নিয়ে মিছিলে গেছেল। এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক) বাড়ির কাছের একটা মোড়ে গিলি ওগের (সন্তানের) ওপর হামলা করিছে, মারিছে।’

এই ঘটনার প্রেক্ষিতে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুক্তকণ্ঠকে জানিয়েছেন, ‘যাঁরা জড়িত, আমরা তাঁদের তথ্য সংগ্রহ করেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে আমাদের জোরদার অভিযান চলছে। দ্রুত ভালো একটা ফলাফল আমরা দিতে পারব।’

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যাবেলায় শোভাযাত্রাটি যখন পৌর এলাকার বেন্দারচর এলাকায় পৌঁছায়, তখন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এই হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।