নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং প্রখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ‘গুজাব’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’।
ফ্যাক্টওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মাশরাফির গ্রেপ্তারের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্র থেকে তার গ্রেপ্তারের কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে প্রচারিত বেশ কিছু পোস্টের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, দাবিটির সত্যতা যাচাই করার জন্য তারা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েছে। তবে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম সূত্রে এই তথ্যের সত্যতা মেলেনি। এছাড়া ফেসবুকে যেসব পোস্টের মাধ্যমে এই দাবি করা হয়েছে, সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য যে, নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ে।