নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কর্মীদের অতর্কিত হামলায় দুজন কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনাটি ঘটে।
মৃতদের পরিচয় পাওয়া গেছে— কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল শোভাযাত্রার পেছন দিক থেকে হামলাকারীরা অতর্কিত আক্রমণ চালায়। সেই সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা দুইজনকে লক্ষ্য করে তারা প্রচণ্ড মারধর করে। গুরুতর আহত অবস্থায় তারা দুজন পরবর্তীতে মারা যান।
মিছিলে অংশগ্রহণকারী বিএনপি নেতা-কর্মীদের দেওয়া তথ্যানুযায়ী, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছিলেন। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি যখন পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছায়, তখনই আওয়ামী লীগের লোকজনের দ্বারা তাদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় নিয়ে যাওয়ার পথে শাহীন ইসলাম ও সোহেল রানা মৃত্যুবরণ করেন।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে মুক্তকণ্ঠকে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন।”
এদিকে ঘটনার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, “মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়।” তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডাকছে, তারা এবং তাদের সমর্থকেরা এই ঘটনার জন্য দায়ী হতে পারে।