নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আরাফাত মোল্যা (৩৮), তিনি দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে গতকাল সোমবার রাতে প্রতিপক্ষ কবির মোল্যার লোকজন আরাফাতকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর বাড়ির পাশেই তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আরাফাতের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে জানা গেছে।

আরাফাতকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বর্ণনা দিয়ে আরাফাতের সৎ-মা ঝুমুর বলেন, ‘চিল্লে-পাল্লা শুনে আমরা বাড়ি থেকে গিছি। যায়ে দেখি, কবিররা সবাই মিলে ওরে (আরাফাত) কুপাচ্ছে। কুপানোর পরে আরাফাতের আব্বা গেছেলো, তারেও কোপ দেছে, সে সরে যাওয়ার পর আরাফাতের আপন মারেও একটা বাড়ি দেছে। যারা মারছে তারা আরাফাতের বংশের চাচাতো ভাই। ওগের সাথে পূর্ব শত্রুতা ছেলো।’

তদন্তে জানা গেছে, ডাকাতির মালামাল ভাগাভাগি এবং মাদক কারবার নিয়ে এলাকার কবির হোসেন নামের একজনের সঙ্গে আরাফাতের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উল্লেখ্য, নিহত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী মুক্তকণ্ঠকে বলেন, “ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক কারবারকে কেন্দ্র করে এলাকার কবির হোসেন নামে একজনের সঙ্গে আরাফাতের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলা আছে।”