নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসের ধারণা, গ্রামের প্রতিটি বাড়িতে সাধারণত তিন থেকে চারটি ঘর থাকে, ফলে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় দুজন নিহত হন। নিহতরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল বিকেলে হঠাৎ করেই সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায় বিএনপির লোকজন। অভিযোগ করা হয়েছে যে, বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়া উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।”

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম আজ মুক্তকণ্ঠকে জানান, গতকাল সন্ধ্যার আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। এছাড়া পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, সাবেক এমপি বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এই হামলাটি চালিয়েছে, সে বিষয়ে প্রশাসন এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে ধারণ করা এবং এআই (AI) দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করার চেষ্টা করছে। পুলিশ আরও জানিয়েছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেনি।

হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, “ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।”

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির দুই নেতাকে হত্যার জেরে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আজ শনিবার দুপুরে মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন–সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা–ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু–অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন নয়।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, গতকাল বিকেল চারটার দিকে আগুন লাগার খবর পাওয়া গেলেও কেউ তাঁদের কল করে জানাননি। নিরাপত্তা ঝুঁকি ও প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে রাত আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং দেখেন অনেক বাড়িতে আগুন জ্বলছে, তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তাঁরা নিভিয়েছেন এবং কিছু আগুন নিজে থেকেই নিভে গেছে। তাঁর মতে, ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল এবং প্রতিটি বাড়িতে একাধিক ঘর থাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বেন্দারচর গ্রামে প্রবেশের সময় দেখা যায়, এক নারী ভ্যানে করে কিছু মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন, সাথে তাঁর ছোট সন্তান। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, “তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে মাল-জিনিস একটাও নাই। টিভি-ফ্রিজ, ১০টা কম্বল, দুইটা ট্রাংকে যত মাল ছিল, তিনটা ঘরের কোনো মাল, জিনিস নাই। একটা কাঁথাও নেই যে আমরা গায়ে দেব। কলের (টিউবওয়েল) থেকে মোটরডা পর্যন্ত ভাইঙ্গে নিয়ে গেছে।” তিনি আরও অভিযোগ করেন যে, তাঁর জাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

মুক্তা খানম নামের আরেক নারী জানান, “ঘটনা হচ্ছে জুমার নামাজের পর। প্রায় চার শ লোক আসছিল। আইসে ভাঙচুর কইরে, যেখানে যা ছিল, সব গাড়ি ভরে নিয়ে গেছে। এরা সব কালিয়ার লোকজন, বিএনপির লোক। সারা বেন্দারচর ভইরে এ রকম করছে।”

গ্রামটিতে গিয়ে দেখা গেছে, প্রবীণ পুরুষদের ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ নেই। অনেক নারীকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।