রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

আনোয়ারুল ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধ তিনজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।