রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডির ১০/এ সড়কের একটি ভবনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে আনোয়ার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডির ১৪তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে বেলা ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

আনোয়ার হোসেন আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে পরিস্থিতি অনুকূলে থাকায় এবং আগুনের তীব্রতা কমে আসায় পরবর্তীতে তাদের আর প্রয়োজন হয় না এবং ফেরত পাঠানো হয়।