ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, স্থানীয় ব্যবসায়ী বাপ্পির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে দোকানগুলোতে বিক্রির জন্য মজুদ করা বোতলজাত পেট্রল, অকটেন এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় বিকট শব্দ হয় এবং আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী দ্রুত নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।”