পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে ঝালকাঠির নলছিটিতে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), বরিশাল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদার অন্যতম।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি-৮ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ওই দিন ভোরে ঝালকাঠি সদর থানার মুতালরী ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের সময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, ছারছীনা দরবার শরিফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। বাধা দেওয়ার অপরাধে নুরুল ইসলাম ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ডাকাতরা। এরপর তারা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ মোট ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত ওই দম্পতিকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে ১৮ নভেম্বর নলছিটি থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পর এসআরবি-৮ একটি ছায়া তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন জানা যায়, নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়ায় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে ঝালকাঠিতে আত্মগোপন করেছিল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালীন পুলিশ একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্চ ও পাঁচটি টর্চলাইট উদ্ধার করেছে।
এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, ‘নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা ছায়া তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ডাকাত দলের সরদারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।