রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন, “১০টা ১০মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্যান্য ইউনিট মুভ করানো হয় এবং সর্বমোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণ করতে সারাদিন লেগে যেতে পারে।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, “অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।”
লেঃ কর্নেল মাহমুদুল হাসান আরও উল্লেখ করেন যে, এই বস্তি এলাকায় মূলত নিম্নআয়ের মানুষজন বসবাস করেন। আগুনের লেলিহান বস্তির টিনের ও আধাপাকা ঘরবাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ধারণামতে, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০০টিরও বেশি পরিবার বসবাস করত, যাদের বসতবাড়িগুলো এখন ক্ষতিগ্রস্ত।
হতাহতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর নেই। আগুন নেভানোর পর পুরো এলাকায় সার্চ (অনুসন্ধান) চালানো হবে। সার্চের পরই বোঝা যাবে কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না।”