সামরিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইরানকে বিশেষ সহায়তা প্রদান করছে রাশিয়া। বিশেষ করে রুশ সামরিক স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও তথ্যের সাহায্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি নিতে সক্ষম হচ্ছে তেহরান।
এই সহযোগিতার ফলে ইরান একদিকে যেমন শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করতে পারছে, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং সেনা মোতায়েনের গতিবিধির ওপরও তীক্ষ্ণ নজর রাখতে পারছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশা থাকলেও নতুন করে হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। বর্তমানে কাতার ও পাকিস্তান এই উত্তেজনা কমাতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ইরানের আগাম হামলা শনাক্ত করার ক্ষমতা এবং নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখতে পারে। আর রাশিয়ার গোয়েন্দা সহায়তা এই সক্ষমতাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
নওয়াফ ওবায়েদ জানান, গত আট মাস ধরে তার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরাহ’ রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণে ‘কসমস-২৬০০’ সিরিজের অন্তত ২০টি স্যাটেলাইটের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ১৮টির গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই স্যাটেলাইটগুলো মূলত সামরিক স্থাপনার ছবি তোলা, মানচিত্র তৈরি, রাডার পর্যবেক্ষণ এবং সামরিক যোগাযোগসহ বিভিন্ন বেতারসংকেত সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইরাক ও ইরানসহ মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব ও হরমুজ প্রণালি এই নজরদারির আওতায় রয়েছে। স্যাটেলাইটগুলো প্রায় ৯৫ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে এবং প্রতিদিন তিন থেকে চারবার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর দিয়ে যাতায়াত করে।
পর্যবেক্ষণে দেখা গেছে, নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর দিয়ে যাওয়ার জন্য কয়েকটি স্যাটেলাইটের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এমনকি হামলার আগে ও পরে একই লক্ষ্যবস্তুর ওপর দিয়ে এই স্যাটেলাইটগুলোর যাতায়াতের ঘটনাও লক্ষ্য করা গেছে। সম্ভবত এর মাধ্যমে হামলার ক্ষয়ক্ষতি যাচাই করা হয়েছে এবং ইরানের হামলার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।
ইরান যেভাবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পেরেছে, তা বিবেচনা করে নওয়াফ ওবায়েদের ধারণা, রাশিয়া তেহরানকে প্রয়োজনীয় ভূস্থানিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এই তথ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক স্থাপনার অবস্থান পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব হয়।
পাশাপাশি সামরিক যোগাযোগের সময় ও ধরন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ধারণা করা হয়, কিছু স্যাটেলাইট সামরিক যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত করতে পারে। এর ফলে ইরান তার নিজস্ব সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে, সামরিক যোগাযোগ সচল রাখতে এবং আগেভাগেই পাল্টা হামলার প্রস্তুতি নিতে সক্ষম হচ্ছে।
২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর আওতায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান মূল ভূখণ্ড থেকে উড়ে এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। রুশ স্যাটেলাইটের সহায়তায় ভবিষ্যতে এ ধরনের হামলার আগাম লক্ষণ শনাক্ত করার চেষ্টা করতে পারে তেহরান।
তবে সংঘাতের ঝুঁকি এখন মহাকাশেও ছড়িয়ে পড়ছে। গত মাসে রাশিয়ার ‘কসমস’ সিরিজের একটি স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এটি সম্ভাব্য কোনো হামলার মহড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতের যুদ্ধে সামরিক ও বেসামরিক স্যাটেলাইটগুলোও সরাসরি সংঘাতের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।
এদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, সংঘাত আরও বাড়লে তেল শোধনাগার, রপ্তানি টার্মিনাল, পানি লবণমুক্ত করার কেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে। এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়বে।
এই পুরো প্রক্রিয়ায় রাশিয়াও কৌশলগত সুবিধা পাচ্ছে। সরাসরি যুদ্ধে না জড়িয়েও কেবল গোয়েন্দা তথ্যের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে এখন তাদের সামরিক প্রস্তুতি, যোগাযোগ এবং সেনা চলাচল গোপন রাখতে আরও বেশি সতর্ক হতে হবে।
নওয়াফ ওবায়েদ লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ ফেলো এবং ‘প্রজেক্ট অরোরাহ জিওসিগন্যাল মাসিন্ট সিস্টেম’-এর প্রতিষ্ঠাতা।