যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ‘কার্যকরভাবে’ প্রায় শেষের পথে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের ভাষায়, “আমার মনে হয়, খুব শিগগিরই এ যুদ্ধ শেষ হবে।”

স্থানীয় সময় গতকাল সোমবার আকস্মিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি পুনরায় দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের বক্তব্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “সামরিক দিক থেকে ইরানের অস্তিত্ব কার্যত শেষ হয়ে গেছে। আমরা এখন শুধু আগের অবস্থা বজায় রাখছি। ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আমরা তা করছি।”

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে কাতারের প্রধানমন্ত্রী আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন।

পোস্টে কাতারের প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা মধ্যপ্রাচ্যের এখনকার পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে কথা বলেছি। সমঝোতায় পৌঁছানো ও আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ।”

ট্রাম্পের বক্তব্যে ‘আগের অবস্থা বজায় রাখা’ বলতে মূলত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত রাখার বিষয়টি বোঝানো হয়েছে। একই সঙ্গে নতুন ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন তিনি। এই বিশেষ টাস্কফোর্সের মূল লক্ষ্য হলো স্থলপথ এবং কাস্পিয়ান সাগর হয়ে ইরানের যাবতীয় বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তারা চায়, আমরা যেন এভাবেই থাকি।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এবং সম্ভবত বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

তবে পরিস্থিতি পরিবর্তিত হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত বলেও সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। তিনি বলেন, “সামরিক পদক্ষেপ নেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। আমাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে।”

ইরানের হুমকি ও বিপদ থেকে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্য এখন নিরাপদ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাতের অবসানের পথে অগ্রগতি দেখছেন তিনি। ট্রাম্পের পুনরাবৃত্তি, “আমরা এ সংঘাতের অবসানের দিকে অগ্রগতি দেখতে পাচ্ছি। আমার মনে হয়, খুব শিগগিরই এ যুদ্ধ শেষ হবে।”