কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তার আগেই ইরান পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না।”
এমন এক উত্তপ্ত সময়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সামনে এল, যখন মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে মার্কিন রণতরি মোতায়েনের খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা (যার নাম প্রকাশ করা হয়নি) আল-জাজিরাকে জানিয়েছেন, রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে আগে থেকেই দুটি মার্কিন রণতরি অবস্থান করছে। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট ওই দুটি রণতরির সাথে যুক্ত হবে এবং মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন যে, ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, শেষ পর্যন্ত তাদের পরাজয় বরণ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, “তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বল না—কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাঁকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।”
আরাগচি তাঁর পোস্টে আরও যোগ করেন, “এটার চেয়ে ভালো নীতিবাক্য হলো: যাঁরা অতীত ভুলে যান, তাঁরাই এর পুনরাবৃত্তি করতে বাধ্য হন।”
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে। এই যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। বর্তমানে জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত নিশানা করছে দেশটি।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করে রেখেছে। এছাড়া হরমুজ প্রণালী পার হতে তেলবাহী জাহাজগুলোকে মার্কিন বাহিনী সহায়তা প্রদান করছে। উল্লেখ্য, যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।
সেন্টকম সম্প্রতি দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলেছে। এর আগে গত মাসে সেন্টকম জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে।
সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই সেই অবস্থায় ফিরবে না, যে অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হয়েছিল।