ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে আসায় মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাগুলো যখন অনিশ্চিত, তখনই এই পদক্ষেপ নেওয়া হলো।
সোমবার একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থানরত অন্য দুটি রণতরির সাথে এখন এই রণতরিটিও যুক্ত হলো।
উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পরবর্তীতে জুনে একটি বিস্তৃত সমঝোতা স্মারক ঘোষণা করা হলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে যায়। এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার পাল্টাপাল্টি হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মার্চের সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছিল।
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম।"
তিনি আরও মন্তব্য করেন যে, যুদ্ধের সামরিক অধ্যায় “কার্যত শেষ”। তবে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী “সম্পূর্ণ প্রস্তুত” থাকবে।
মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের অর্থ কি নতুন করে যুদ্ধ শুরু হওয়া? এই বিষয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
ইউএসএস থিওডর রুজভেল্টের সক্ষমতা
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা এই রণতরিটি পারমাণবিক শক্তিচালিত। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে ৫ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজের একটি পূর্ণাঙ্গ এয়ার উইং রয়েছে। এর মধ্যে রয়েছে দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং সব ধরনের আবহাওয়ায় বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান এফ-১৮।
মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, এ রণতরির মূল কাজ হলো, “রণতরিভিত্তিক আকাশযুদ্ধ পরিচালনা করা এবং এ ধরনের যুদ্ধের সমর্থনে এয়ার উইং স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সংহতিতে সহায়তা করা”।
ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয় এবং ১৫ নভেম্বর সেখানে পৌঁছায়। সম্মুখযুদ্ধের পাশাপাশি এই রণতরি সমুদ্রে থাকা অন্য জাহাজগুলোতে জ্বালানি ও রসদ সরবরাহ করে এবং বিপদগ্রস্ত মানুষ ও শরণার্থীদের উদ্ধারে অংশ নেয়।
নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে এটি বিভিন্ন সামরিক ও মানবিক অভিযানে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন ছিল এটি। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও মার্কিন হামলায় সহায়তা করেছিল এই রণতরি। এছাড়া ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন ছিল এটি।
গত অক্টোবরে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। আরেকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রণতরিটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে সেন্টকম এবং পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি।
ইউএসএস থিওডর রুজভেল্টের আগমনে ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েন রয়েছে।
গত মাসে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, ২ হাজারের বেশি মেরিন সেনা নিয়ে ‘ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ (এআরজি)’ ইউএসএস থিওডর রুজভেল্টের পিছু পিছু মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রণতরি স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য নৌ-মোতায়েনের আওতায় নাবিক ও মেরিন সেনাসহ অতিরিক্ত ৯ হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হতে পারেন। তবে মার্কিন সামরিক বাহিনী এখনো এটি নিশ্চিত করেনি।
কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জাম মোতায়েন রয়েছে। বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আশপাশের স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিলেন।
গোয়েন্দা তথ্য ও সামরিক উড়োজাহাজের গতিবিধি অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারির শুরু থেকে এই অঞ্চলে ১২০টির বেশি উড়োজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাক যুদ্ধের পর এটিই মার্কিন বিমানশক্তির সবচেয়ে বড় সমাবেশ। এসব উড়োজাহাজের মধ্যে রয়েছে ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস, এফ-৩৫ স্টিলথ স্ট্রাইক ফাইটার, এফ-২২ এয়ার সুপিরিওরিটি জেট এবং এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান।
গত মার্চে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিল, যা তিনটি দলে বিভক্ত ছিল। প্রথম দল ‘ত্রিপোলি এআরজি’ ছিল উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে (এমইইউ) কেন্দ্র করে গঠিত। দ্বিতীয় দলটি ছিল ‘বক্সার এআরজি’, যা সাউথ ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়াস্প-শ্রেণির উভচর হামলাকারী জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম এমইইউ নিয়ে গঠিত। এই দুই মেরিন দলে মোট ৪ হাজার ৫০০ সেনা ও নাবিক যুক্ত রয়েছেন। তৃতীয় দলে ছিলেন নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগভিত্তিক ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ‘ইমিডিয়েট রেসপন্স ফোর্স’-এর প্রায় ২ হাজার সেনা, যারা প্যারাস্যুট হামলায় বিশেষভাবে প্রশিক্ষিত। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
ইরানের প্রতিক্রিয়া
ইরানের আইন ও আন্তর্জাতিক–বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, তাঁর দেশ “যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না”। তিনি আরও বলেন, “আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করার জন্য সময় নিতে যুক্তরাষ্ট্র কূটনীতির অপব্যবহার করছে।”
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে গরিবাবাদি সতর্ক করে বলেন, “ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ দিয়ে রাখবেন, আর ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।”
গরিবাবাদি জানান, মার্কিন বাহিনী ইরানে আকাশ বা স্থলপথে কোনো অবরোধ সফল করতে পারেনি। উল্টো ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বর্তমানে “নতুন পাল্লার” ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেন যে, মার্কিন হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আরাগচি বলেন, “অঞ্চলটির জ্বালানি নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে জ্বালানি সহযোগিতা জোরদার করা একটি জরুরি ও কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।”
ইরনার খবরে আরাগচিকে উদ্ধৃত করে বলা হয়, “আমাদের অঞ্চলের শুধু একটি স্বাধীন নিরাপত্তা কাঠামোই নয়; বরং জ্বালানিপ্রবাহ সুরক্ষিত রাখতে, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে, বাহ্যিক কারণের ঝুঁকি কমাতে এবং ভূরাজনৈতিক ধাক্কা ও বিপর্যয় মোকাবিলায় আমাদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করতে একটি আঞ্চলিক, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানিব্যবস্থাও প্রয়োজন।”
ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ পরিস্থিতি
চলতি মাসে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে, তাই বড় সামরিক অভিযানের প্রয়োজন নেই। তিনি বলেন, “ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হতে যাচ্ছে।”
প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন। গত সপ্তাহে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এবং এক ব্রিফিংয়ে বলেন, সংঘাত অবসানের দিকে “ইতিবাচক গতি” তৈরি হয়েছে। তিনি সামরিক দিক থেকে যুদ্ধ “কার্যত শেষ” বলে ঘোষণা করলেও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ এবং কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে গঠিত একটি টাস্কফোর্স।
অন্যদিকে, যুদ্ধ বন্ধের জন্য ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান বর্তমানের “যুদ্ধও নয়, শান্তিও নয়” (নো ওয়ার, নো পিস) এমন স্থিতাবস্থা মেনে নেবে না।
কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ট্রাম্পের ধৈর্য কমছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।” ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার অর্থ এখন আমাদের হাতে এবং তাদের প্রণালিও আমাদের দখলে!”
বিশেষজ্ঞদের মতামত
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উপপরিচালক আলী ভায়েজ আল-জাজিরাকে বলেন, উভয় পক্ষ এখন এক বিপজ্জনক স্নায়ুযুদ্ধে লিপ্ত। তিনি বলেন, “বিপদ হলো, আরেকটি যুদ্ধ ঠেকানোর এই প্রচেষ্টা অজান্তেই এমন এক যুদ্ধের সূচনা করতে পারে, যা কোনো পক্ষই জিততে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না বা সহজে শেষ করতে পারবে না।”
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, তেহরান “যুদ্ধও নয়, শান্তিও নয়”—এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। তিনি জানান, কাতারের মাধ্যমে সাতটি শর্ত পাঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে এবং অবরোধ বহাল রেখেছে।
আলী ভায়েজ বলেন, “কূটনীতি এখনো টিকে আছে, তবে পারস্পরিক অবিশ্বাস ও চরমপন্থী দাবির ভারে তা দমবন্ধ অবস্থায় রয়েছে। উভয় পক্ষই সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজে না পেলে আলোচনা শুধু একের পর এক যুদ্ধের মাঝখানের বিরতিতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে।”
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদির মনে করেন, দুই পক্ষই নিজেদের সুবিধাজনক অবস্থানে মনে করছে এবং ছাড় দিতে রাজি নয়। তিনি আল-জাজিরাকে বলেন, “কে, কী, কখন এবং কীভাবে করবে”—তার ওপরই সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নির্ভর করছে। তিনি আরও বলেন, আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে, যা প্রমাণ করে তারা পূর্ণমাত্রার যুদ্ধের বিপক্ষে। তবে তিনি সতর্ক করেন, “ইরানিরা মনে করছেন, তাঁদের হাতেই বেশি সুযোগ বা ক্ষমতা রয়েছে। আবার মার্কিনরা মনে করছেন, তাঁদের হাতেই বেশি ক্ষমতা। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন কূটনৈতিক সমাধানে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়ে।”