চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশগত আইন অমান্য করার দায়ে দুটি ইটভাটার মালিকের ওপর মোট ৭ লাখ টাকা জরিমানা আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিতোষী খিলা বাজার সংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। দুই ইটভাটা মালিকের কাছ থেকে মোট ৭ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করে নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি নির্দেশে অভিযান চলাকালীনই ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া অগ্নিনির্বাপণে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”