দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সকল অবৈধ ইটভাটা বন্ধ করে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশটি দেশের সব বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি জারি করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে উক্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ প্রদান করেন।

আবেদনকারী পক্ষের বর্ণনা অনুযায়ী, সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে একটি রিট পিটিশন দাখিল করা হয়। সেই রিটের শুনানি শেষে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি অবৈধ ইটভাটার কার্যক্রম পুনরায় শুরুর পাঁয়তারা চলছে—এমন তথ্য পাওয়ার পর এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে একটি সম্পূরক আবেদন দাখিল করা হয়। ওই আবেদনে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, সেই বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিলের প্রার্থনা জানানো হয়।

আদালতে আবেদনকারী পক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদালত আবেদনটি মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “দেশের অবৈধ সব ইটভাটা বন্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।”