চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পরিবেশগত বিধিবিধান এবং সরকারি নীতিমালা তোয়াক্কা না করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এক বিশেষ অভিযানে এলাকার দুটি অবৈধ ইটভাটার বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও দুধপাতিলা এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই জেলায় সরকারি নীতিমালা অনুসরণ না করে এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভাটা মালিকদের আগে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ায় আজ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের 'সনি ব্রিকস' নামক ভাটায় অভিযান চালানো হয়। সেখানে কোনো বৈধ কাগজপত্র পাওয়া না যাওয়ায় বুলডোজার ব্যবহার করে ওই ভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর দুধপাতিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত 'দোয়েল ইটভাটা'র বিভিন্ন স্থাপনাও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
পুরো অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। অভিযানে তার সাথে চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন জানান, “সরকারি নীতিমালা অমান্য করে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা ভেঙে ফেলা হবে।”