চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি পরিত্যক্ত কুয়া থেকে বস্তাভর্তি ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান চালায় এসআরবি।

গ্রেপ্তার শরিফা খাতুন ওই উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের হাসেম আলীর বাড়ির একটি পরিত্যক্ত কুয়া থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গ্রেপ্তার শরিফা খাতুনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।