চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আটককৃত দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের বিষয়ে পাওয়া গোপন সংবাদের ওপর ভিত্তি করে আজ দুপুর দেড়টার দিকে মুন্সিপুর গ্রামের কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় সীমান্ত পেরিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করার সময় দবির উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব স্বর্ণের বারের মোট ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, “আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। এ ছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি বা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”