চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়লা ফেলা নিয়ে ফরিদুল ও তার চাচা দুলালের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে দুলাল বাঁশের লাঠি দিয়ে ফরিদুলের মাথায় সজোরে আঘাত করেন।
স্থানীয়রা আহত ফরিদুলকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে.