চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘুমন্ত অবস্থায় ছোট ভাইয়ের গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে হাসান আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ বুধবার (৪ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া হাসান আলী দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত বিবরণ জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তারিনীপুর গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে ও পেশায় ফার্নিচার রংমিস্ত্রি হোসেন আলী (২৩) তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে শয়নকক্ষের দেওয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো হাসুয়া ঢুকিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে গুরুতর জখম করা হয়। এই নৃশংস ঘটনার পর হোসেন আলীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ দীর্ঘ তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের সামনে নিজের অপরাধ স্বীকার করে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, “পূর্বশত্রুতার জেরে ছোট ভাই হোসেন আলীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বড় ভাই হাসান আলী।”