চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একটি অত্যন্ত বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী শিমুলতলা গ্রামের একটি মাঠ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যানুসারে, ওই বিকেলে শিমুলতলা গ্রামের মাঠে একটি ছাগলকে কামড় দেওয়ার চেষ্টা করছিল সাপটি। এই দৃশ্য কৃষক হাসান আলীর নজরে এলে তিনি দ্রুত স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে আটক করেন এবং একটি খাঁচায় বন্দি করে ফেলেন। সীমান্তবর্তী এলাকায় এই মারাত্মক বিষধর সাপ উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সাপটি দেখার জন্য ভিড় জমায়।

স্থানীয় পরিবেশবিদ বখতিয়ার হামিদ জানিয়েছেন, উদ্ধারকৃত সাপটি রাসেলস ভাইপার প্রজাতির। তিনি আরও জানান, এর আগে দামুড়হুদা ও জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলেও এই প্রজাতির সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই বিষয়ে দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা সুরেশ মিস্ত্রী জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণের কাজে চট্টগ্রামে অবস্থান করছেন। তবে সাপ উদ্ধারের খবর পাওয়ার পরপরই তিনি ওই গ্রামে বন বিভাগের কর্মী পাঠিয়ে সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে বিশেষজ্ঞের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সাপটি সত্যিই রাসেল ভাইপার।