চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিবলু ওই উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শিবলুর বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা একটি মামলারও আসামি তিনি।
তদন্তে জানা গেছে, শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও বিভিন্ন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন। পুলিশ আরও জানায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে মোট ৯৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টার মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। উক্ত মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে শিবলুর নাম রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তিনি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”