সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া মো. শিবলু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিবলু হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তার বয়স ২৮ বছর। স্থানীয় সূত্রে আরও জানা গেছে যে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন। অভিযোগ রয়েছে, এলাকার রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তিনি একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন।

শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সখ্যতা ছিল। তার বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহরে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে। ওই ঘটনার প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে শিবলু ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, "আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।"