চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুলিশ সুপার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তাঁদের বিভিন্ন বার্তা পাঠাতেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে এসব গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং তাঁর পাঠানো বেশ কিছু বার্তার বিবরণ সেখানে উল্লেখ করা হয়েছে।

গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকার বাসিন্দা এবং ২৮তম বিসিএস ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেন।

গ্রেপ্তারের আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হলেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠিয়েছিলেন পুলিশ সুপার জাহাংগীর আলম। রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা ছিল—‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী মুক্তকণ্ঠকে জানান, “মুঠোফোনে তাঁর পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।”

একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে জাহাংগীর আলম আরও একটি বার্তা পাঠান। ওই বার্তায় লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ডিজিটাল আলামত ও তথ্য পাওয়া গেছে। ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয় এবং একটি তদন্ত কমিটির মাধ্যমে ফরেনসিক পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে মামলা করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, জাহাংগীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা এবং তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য তিনি অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সরকারি পদে থেকেও তিনি সরকারবিরোধী প্রচারণা চালিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করেছেন বলে বাদীর দাবি।

মামলার নথি অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য প্রথমে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর শনিবার রাতে পাঁচলাইশ মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে গত মঙ্গলবার পুলিশ তাঁর দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রেখেছিল।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার। আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।’

ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও জানান, এসপি জাহাংগীরের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং নিয়মিত মামলা করা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

ঘটনায় অন্য কোনো পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আজ বেলা তিনটার দিকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয় জাহাংগীর আলমকে। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া এই আদেশের বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। রয়টার্স জানিয়েছে, তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন।