কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ ও অত্যন্ত স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার পর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
একটি যৌথ অভিযানে তাকে আটক করা হয়, যেখানে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি করা হয়। এরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এর পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য তা ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
এজাহারের বরাত দিয়ে সিএমপির একজন পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। ওই বার্তায় “১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়।”
তবে ওই বার্তাটি ঠিক কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের ওপর।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেন।