চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। আজ বুধবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।

ঠিক কী কারণে তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে এবং তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে যে, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে।