নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে এবং ফসলিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই তিন ইটভাটার মালিকদের ওপর দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
অভিযান চলাকালীন পপুলার ব্রিকসের মালিক আবদুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে পৃথকভাবে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি কাটা এবং কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপনের অপরাধে এই জরিমানা করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটাগুলোর অবকাঠামো সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, “কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এমন আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, কৃষিজমি যেন ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না করা হয়, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি থাকবে।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বার থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।